• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৮:৪৬:০২ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

৬২ বছরে প্রধানমন্ত্রী তারেক রহমান, সামনে নানা চ্যালেঞ্জ

২০ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২৮:১৮

৬২ বছরে প্রধানমন্ত্রী তারেক রহমান, সামনে নানা চ্যালেঞ্জ

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ২০ নভেম্বর। ১৯৬৫ সালের এই দিনে রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান। ৬১ বছর পূর্ণ করে আজ ৬২ বছরে পদার্পণ করছেন তিনি।

রাজনৈতিক জীবনের দীর্ঘ পথপরিক্রমা, নানা প্রতিকূলতা, কারাবাস ও দীর্ঘ প্রবাসজীবন পেরিয়ে এবার সরকারপ্রধান হিসেবে জন্মদিন পালন করছেন তিনি। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে পথচলা শুরু হলেও নিজের নেতৃত্ব প্রতিষ্ঠায় তাকে পেরোতে হয়েছে নানা চড়াই-উতরাই। দীর্ঘদিন দেশের বাইরে থেকে দলের নেতৃত্ব দেওয়ার পর দেশে ফিরে নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ তার রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক পথচলা বাংলাদেশের রাজনীতির নানা ঘটনাপ্রবাহের সঙ্গে জড়িয়ে রয়েছে। তার বাবা ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা। মা বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দীর্ঘদিন বিএনপির নেতৃত্ব দিয়েছেন।

আরও পড়ুন

আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। ধীরে ধীরে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান। ২০০৯ সালে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ততার মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেন।

তার রাজনৈতিক জীবনের অন্যতম কঠিন সময় আসে ২০০৭ সালে। ওই বছরের ৭ মার্চ সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হন তিনি। প্রায় ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান। ওই সময় তার ওপর নির্যাতনের অভিযোগ ওঠে, যা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা হয়। কারামুক্তির পর চিকিৎসার জন্য স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডনে যান। এরপর শুরু হয় দীর্ঘ প্রবাসজীবন।

প্রবাসে থাকলেও বিএনপির রাজনীতিতে তার সম্পৃক্ততা অব্যাহত ছিল। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি। লন্ডনে অবস্থান করেই দলীয় সিদ্ধান্ত গ্রহণ, সাংগঠনিক যোগাযোগ ও রাজনৈতিক কর্মসূচিতে নেতৃত্ব দেন। দীর্ঘ এই সময়ে দলের নেতৃত্ব ধরে রাখা যেমন তার জন্য বড় চ্যালেঞ্জ ছিল, তেমনি রাজনৈতিক বিরোধিতা ও নানা সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে।

আরও পড়ুন

১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর স্ত্রী ও মেয়েকে নিয়ে দেশে ফেরেন তারেক রহমান। তার প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে ওঠে। দেশে ফেরার পর মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্যক্তিগত জীবনে গভীর শোকের মুখোমুখি হন তিনি। এর মধ্যেই দলের নেতৃত্বের দায়িত্ব আরও সুসংহত হয়। ২০২৬ সালের ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দেন তারেক রহমান। নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই বিজয়ী হন। পরে ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। দীর্ঘদিনের বিরোধী রাজনীতি ও প্রবাস থেকে দল পরিচালনার পর রাষ্ট্রক্ষমতার দায়িত্ব গ্রহণ তার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর একটি।

প্রধানমন্ত্রী হিসেবে এখন তার দায়িত্বের পরিধি দলীয় রাজনীতির বাইরেও বিস্তৃত। দেশের অর্থনীতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি, দুর্নীতি প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে জনগণের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ রয়েছে তার সামনে।

আরও পড়ুন

রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়কে স্বাগত জানাই এবং আমরা সন্তুষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবও তার রাজনৈতিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কার্যকর করা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক সংস্কার ও গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার অঙ্গীকার রয়েছে এতে। পাশাপাশি নির্বাচনের আগে দেওয়া পরিবার কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, কর্মসংস্থান সৃষ্টি ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নেও সরকারের ওপর প্রত্যাশার চাপ রয়েছে।

জন্মদিন উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও প্রত্যাশা রয়েছে। দলের কাছে তারেক রহমানের দেশে ফেরা ছিল দীর্ঘ অপেক্ষার অবসান, আর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ রাজনৈতিক পথচলার নতুন মাইলফলক। তবে একজন সরকারপ্রধান হিসেবে তার সবচেয়ে বড় মূল্যায়ন হবে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করতে পারেন, তার ওপর।

এদিকে, প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এ উপলক্ষে আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে অবস্থিত দাখিল মাদরাসা ও এতিমখানায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।

আরও পড়ুন

তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে: প্রতিমন্ত্রী টুকু

প্রতিকূলতা, রাজনৈতিক বিতর্ক ও দীর্ঘ অপেক্ষার পথ পেরিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী দায়িত্বে পৌঁছেছেন তারেক রহমান। জন্মদিনে তাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা যেমন রয়েছে, তেমনি দেশের মানুষের প্রত্যাশাও এখন তার সরকারের কর্মকাণ্ডকে ঘিরে। রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণ নিশ্চিত করার মধ্য দিয়েই তার নেতৃত্বের সাফল্য নির্ধারিত হবে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকের নামাজের সময়সূচি (২০ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (২০ নভেম্বর ২০২৬)
২০ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০৯:২১

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
১৯ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৪:০৬