ডেস্ক রিপোর্ট: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সম্প্রসারণ প্রকল্প থেকে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র স্বাক্ষরিত নোটিশে তাকে আগামী ৭ অক্টোবর সকাল ১০টায় সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়, ২০২৫ সালের ২৭ জানুয়ারি করা মামলাটি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এর মামলা নং-৮৩, তদন্তপূর্বক সাক্ষ্য-স্মারক দাখিলের জন্য মাহমুদুল হাসান শুভ্রকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, তারিক সিদ্দিকসহ অন্যান্য আসামিরা পরস্পর যোগসাজশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা (থার্ড টার্মিনাল) সম্প্রসারণ প্রকল্প থেকে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
আরও বলা হয়, সুষ্ঠু তদন্তের স্বার্থে বর্ণিত অভিযোগ বিষয়ে তারিক সিদ্দিকের বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন।
এদিকে, আজ তারিক সিদ্দিকের ঠিকানায় গিয়ে তাকে পাওয়া যায়নি বলে নোটিশের অনুলিপিতে উল্লেখ করা হয়েছে। সেখানে সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র ও বাসার নিরাপত্তাকর্মী মো. সাইফুল ইসলামের উপস্থিতিতে লটকিয়ে জারি করার কথাও উল্লেখ রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available