ডেস্ক রিপোর্ট: আগামীকাল ১৬ আগস্ট রোববার সড়কপথে কিশোরগঞ্জ জেলা সদরসহ তিনটি উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ নেওয়ার পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার ভাঙাচোরা সড়কগুলো দ্রুত মেরামত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফরসূচিতে রয়েছে: বেলা সাড়ে ১১টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী উপজেলায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন। দুপুর ১টায় কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
দুপুর ২টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ জেলা সদরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টায় কিশোরগঞ্জ সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন।
সবশেষে সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
সূত্র: চ্যানেল২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available