• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:৪৯:০৫ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

যাদের সাজা হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে: কাদের গনি চৌধুরী

২৬ নভেম্বর ২০২৬ রাত ০৯:২১:৩১

যাদের সাজা হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে: কাদের গনি চৌধুরী

ডেস্ক রিপোর্ট: যাদের সাজা হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে। খুনিদের সঙ্গে কোনো আপস না করে একটি মানবিক বাংলাদেশ গড়তে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী।

তিনি বলেন, বাংলাদেশে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে হত্যা, সহিংসতা ও নৈরাজ্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে।

২৬ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত ‘বোমা, অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ কবিতা পাঠ’ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আরও পড়ুন

ডিজিটাল প্ল্যাটফর্মে পিছিয়ে থাকা ও মেয়াদোত্তীর্ণ যন্ত্রপাতিতে শ্রোতা হারাচ্ছে বাংলাদেশ বেতার

জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন কবি ও শিক্ষাবিদ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এবিএম শহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন কবি সৈয়দ রনো ও কবি সাজেদা হেলেন।

কাদের গনি চৌধুরী বলেন, ‘আমরা ২০২৪ সালের জুলাইয়ে যুদ্ধ করিনি, যাতে আবারও দেশের মানুষকে হত্যা করা হয়, হাসপাতাল, স্কুল-কলেজ ও যানবাহনে আগুন দেওয়া হয়। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই।’

তিনি বলেন, বিবেকের তাগিদেই তিনি আজকের অনুষ্ঠানে এসেছেন। বাংলাদেশে ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনা করছে। এই সরকার প্রতিহিংসার রাজনীতিকে সামনে না এনে অনেককে ক্ষমা করেছে এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে।

আরও পড়ুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক মেহেদী হাসান পলাশ

বিএফইউজের মহাসচিব বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন শান্তি ও মানবিকতার পথে এগিয়ে যাচ্ছে, তখন দেশের বাইরে অবস্থানকারী আওয়ামী লীগের নেতৃত্বের দলটি আবারও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।

তিনি বলেন, গোপালগঞ্জে হাসপাতালে শত শত অসুস্থ রোগী, শিশু, নারী ও বয়স্ক মানুষ ভর্তি ছিলেন। সেই হাসপাতালেও আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া স্কুল-কলেজ ও থানা ভবনে অগ্নিসংযোগ এবং পুলিশের ২০টির বেশি গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। দেশের বিভিন্ন স্থানে মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

কাদের গনি চৌধুরী বলেন, গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি মেনে নেওয়ার প্রক্রিয়া চলার মধ্যেও সেখানে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। তার মতে, এসব ঘটনা পরিকল্পিতভাবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার প্রচেষ্টার অংশ।

আরও পড়ুন

সাংবাদিকতায় আসতে সুনির্দিষ্ট প্রশিক্ষণ প্রয়োজন: তথ্য প্রতিমন্ত্রী

তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, দলটির অতীত ইতিহাসে ধ্বংস, নৈরাজ্য ও সহিংসতার বহু ঘটনা রয়েছে। তাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শাসনামলে দুর্ভিক্ষ, হত্যা, গুম এবং রক্ষীবাহিনীর নির্যাতনের ঘটনাও তিনি তার বক্তব্যে তুলে ধরেন।

বাসস এমডি বলেন, ‘কয়লা ধুলে ময়লা যায় না’ প্রবাদটি আওয়ামী লীগের ক্ষেত্রেও প্রযোজ্য বলে তিনি মনে করেন। তার অভিযোগ, অতীতের মতো আবারও দলটি সহিংসতার পথে হাঁটছে।

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গ তুলে কাদের গনি চৌধুরী বলেন, অধিকার আদায়ের দাবিতে রাজপথে নামা শিশু-কিশোরদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। যাত্রাবাড়ী, ভাটারা, উত্তরা ও ধানমণ্ডিসহ ঢাকার বিভিন্ন এলাকায় স্কুলের পোশাক পরা শিক্ষার্থী ও কলেজপড়ুয়া তরুণদের গুলি করে হত্যা করা হয় বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন

তিনি বলেন, এসব হত্যাকাণ্ডের পরও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে কোনো সহানুভূতি দেখা যায়নি। পরে জনবিক্ষোভের মুখে তাকে দেশ ছেড়ে পালাতে হয় বলে তিনি মন্তব্য করেন।

কাদের গনি চৌধুরী বলেন, আমাদের দেশের সন্তানদের হত্যা করা হবে, হাসপাতাল, স্কুল, গাড়ি ও বাড়িতে আগুন দেওয়া হবে-এ অবস্থা আমরা কোনোভাবেই মেনে নেব না।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার না হলে শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। খুনিদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব এবং এ ক্ষেত্রে সরকারকে তার অঙ্গীকার রক্ষা করতে হবে।

আরও পড়ুন

দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন

তিনি আরও বলেন, আমরা আর কোনো মায়ের বুক খালি হতে দেখতে চাই না। বাংলাদেশের রাজপথ, অলিগলি ও ঘরবাড়ি আর রক্তে রঞ্জিত হোক, তা চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ চাই।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ