অনলাইন ডেস্ক: বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার হুমায়ূন আহমেদ। উপন্যাসের চরিত্র, নাটকের সংলাপ, চলচ্চিত্রের গল্প কিংবা গানের কথায়—সবখানেই তিনি তৈরি করেছেন নিজস্ব এক জগৎ। তাঁর সৃষ্টির জাদুতে কয়েক প্রজন্মের পাঠক ও দর্শক আজও মুগ্ধ। মৃত্যুর ১৪ বছর পরও তাঁর সাহিত্য ও শিল্পকর্মের প্রতি মানুষের ভালোবাসা একটুও কমেনি।
আজ ১৩ নভেম্বর শুক্রবার এই কথার জাদুকরের ৭৮তম জন্মবার্ষিকী। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার মোহনগঞ্জের শেখ বাড়িতে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন উপলক্ষে রাজধানী ঢাকা, গাজীপুরের নুহাশপল্লী এবং জন্মভূমি নেত্রকোনায় নানা আয়োজনে তাঁকে স্মরণ করছেন ভক্ত, পাঠক ও শুভানুধ্যায়ীরা।
হুমায়ূন আহমেদের বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা আয়েশা ফয়েজ ছিলেন গৃহিণী। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি। তাঁর পৈতৃক বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে।
বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের আবির্ভাব ঘটে প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশের মধ্য দিয়ে। ১৯৭২ সালে প্রকাশিত উপন্যাসটি তাঁকে পাঠকমহলে পরিচিত করে তোলে। সহজ-সরল ভাষা, জীবন্ত সংলাপ, সূক্ষ্ম রসবোধ এবং মানুষের মনস্তত্ত্বের অনন্য উপস্থাপনায় তিনি বাংলা কথাসাহিত্যে তৈরি করেন স্বতন্ত্র অবস্থান।
তাঁর সৃষ্ট হিমু, মিসির আলী, শুভ্র, রূপা ও বাকের ভাইয়ের মতো চরিত্রগুলো কালজয়ী হয়ে উঠেছে। এসব চরিত্রের মাধ্যমে মানুষের জীবন, মনোজগৎ, প্রেম, বিরহ, হাসি-কান্না ও সমাজবাস্তবতার নানা দিক তুলে ধরেছেন তিনি। তাঁর লেখার বিশেষত্ব ছিল সাধারণ মানুষের জীবনের গল্পকে অসাধারণভাবে উপস্থাপন করা।
উপন্যাস ও ছোটগল্পের পাশাপাশি টেলিভিশন নাটক ও চলচ্চিত্র নির্মাণেও রেখেছেন অসামান্য অবদান। ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’, ‘বহুব্রীহি’ ও ‘আজ রোববার’-এর মতো নাটক তাঁকে ঘরে ঘরে জনপ্রিয় করে তোলে। বিশেষ করে ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাই চরিত্রটি আজও দর্শকের স্মৃতিতে অমলিন।
চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি রেখে গেছেন নিজস্ব স্বাক্ষর। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারি’, ‘শ্যামল ছায়া’, ‘চন্দ্রকথা’ ও ‘ঘেটুপুত্র কমলা’। এসব চলচ্চিত্রে গল্প বলার নিজস্ব ধরন, সংগীতের ব্যবহার এবং জীবনঘনিষ্ঠ নির্মাণশৈলী তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে।
গীতিকার হিসেবেও তাঁর সৃষ্ট গান শ্রোতাদের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। ‘একটা ছিল সোনার কন্যা’, ‘আমার আছে জল’সহ তাঁর লেখা বিভিন্ন গান এখনো মানুষের মুখে মুখে ফেরে। বাংলা সাহিত্যে নতুন পাঠক তৈরি এবং বই পড়ার অভ্যাস জনপ্রিয় করে তোলার ক্ষেত্রেও তাঁর অবদান উল্লেখযোগ্য।
হুমায়ূন আহমেদ তাঁর সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৯৪ সালে একুশে পদক লাভ করেন। এ ছাড়া চলচ্চিত্র নির্মাণের জন্যও পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই জনপ্রিয় লেখক। পরে গাজীপুরের পিরুজালীতে তাঁর গড়ে তোলা নুহাশপল্লীতে তাঁকে সমাহিত করা হয়। মৃত্যুর পরও তাঁর সৃষ্টি নতুন প্রজন্মের পাঠক ও দর্শকের কাছে সমানভাবে সমাদৃত।
জন্মদিনের আয়োজন
জন্মদিন ঘিরে নেত্রকোনা ও গাজীপুরের নুহাশপল্লীতেও থাকছে নানা আয়োজন। জন্মভূমির মানুষের কাছে হুমায়ূন আহমেদ শুধু একজন লেখক নন, তিনি এলাকার গর্ব ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ। তাঁর জন্মদিনে ভক্ত ও অনুরাগীরা প্রিয় লেখকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
বাংলা সাহিত্যের এই জনপ্রিয় কথাসাহিত্যিকের জন্মদিনে পাঠক-দর্শকের প্রত্যাশা, তাঁর বই, নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে নতুন প্রজন্মের কাছেও ছড়িয়ে পড়ুক হুমায়ূন আহমেদের সৃষ্টির জগৎ।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available