অনলাইন ডেস্ক: চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন এবং তার পাঁচ সহযোগীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফটিকছড়ি থানার একটি মামলায় পাঁচ দিন এবং হাটহাজারী থানার আরেকটি মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
২ আগস্ট রোববার চট্টগ্রামের বিচারিক আদালতের ম্যাজিস্ট্রেট মো. মোতাসিম বিল্লাহ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
তিনি বলেন, জেলা পুলিশ ডেভিড ইমন ও তার সহযোগীদের বিরুদ্ধে দুটি মামলায় ১০ দিন করে রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত প্রতিটি মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে। পুলিশ সূত্র জানায়, তিনি প্রথমে কারারুদ্ধ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের গ্রুপে যুক্ত হন। পরে সাজ্জাদ হোসেন গ্রেপ্তার হলে ওই গ্রুপের নেতৃত্ব ডেভিড ইমনের হাতে আসে। পরবর্তী সময়ে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর গ্রুপের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি (সেকেন্ড ইন কমান্ড) হিসেবে সক্রিয় হন তিনি।
পুলিশের দাবি, এরপর চট্টগ্রামে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডে ডেভিড ইমনের নাম উঠে আসে। তার বিরুদ্ধে বাকলিয়া ও চান্দগাঁওয়ের দুটি জোড়া হত্যা (ডাবল মার্ডার), যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যা, চাঁদাবাজিসহ দেড় ডজনের বেশি মামলা রয়েছে।
এর আগে গত বুধবার যশোর সীমান্ত দিয়ে দেশ ছাড়ার চেষ্টার সময় ডেভিড ইমনকে তিন সহযোগীসহ আটক করে পুলিশ।
সূত্র: নিউজ ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available