নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পুনর্গঠন করে পৃথক দুইজন পুলিশ কমিশনার নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
১৬ এপ্রিল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস. এম. জুলফিকার আলী জুনু এ রিট দায়ের করেন।


রিটে উল্লেখ করা হয়, রাজধানী ঢাকা বর্তমানে প্রশাসনিকভাবে দুইটি সিটি কর্পোরেশনে বিভক্ত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কিন্তু, এই বিভাজনের পরও পুরো মহানগরের পুলিশিং কার্যক্রম এককভাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর অধীনে পরিচালিত হচ্ছে, যা একজন পুলিশ কমিশনার দ্বারা নিয়ন্ত্রিত।

আবেদনে বলা হয়, দ্রুত নগরায়ন, অতিরিক্ত জনসংখ্যা, অপরাধ বৃদ্ধি, যানজট ও জননিরাপত্তা সংকটের কারণে বর্তমান একক পুলিশ প্রশাসন কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছে না।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
রিটে ডিএমপিকে দুইটি পৃথক ইউনিটে বিভক্ত করে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য পৃথক দুইজন পুলিশ কমিশনার নিয়োগ করার নির্দেশনা চাওয়া হয়েছে হাইকোর্টের কাছে।
একইসঙ্গে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা গ্রহণ ও বর্তমান কাঠামোকে অসাংবিধানিক ঘোষণা করার নির্দেশনাও চাওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available