আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামীকাল ১৯ নভেম্বর বৃহস্পতিবার চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে তিন নেতার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আজ ১৮ নভেম্বর বুধবার স্থানীয় সময় ভোরে দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের শেনজেন শহরের বাওআন বিমানবন্দরে অবতরণ করেন পুতিন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য কাই ছি।
বিমানবন্দরে পুতিনকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। এ সময় লালগালিচা, সারিবদ্ধ সম্মানরক্ষী বাহিনী এবং নৃত্যশিল্পীদের মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। অভ্যর্থনা অনুষ্ঠানে দুই দেশের জাতীয় পতাকাও প্রদর্শন করা হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এপেক সম্মেলনে অংশ নিতে পুতিনের এ সফর। ২০১৭ সালের পর এই প্রথম তিনি এপেক নেতাদের সম্মেলনে যোগ দিচ্ছেন।
এবারের সম্মেলনের সবচেয়ে আলোচিত আয়োজন হতে যাচ্ছে ট্রাম্প, শি ও পুতিনের বৈঠক। বিশ্বের তিন পারমাণবিক শক্তিধর দেশের শীর্ষ নেতাদের এই প্রথম ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে। এরই মধ্যে হোয়াইট হাউস, ক্রেমলিন ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, তিন নেতা বড় দেশগুলোর সম্পর্কের ক্ষেত্রে বিশ্বশান্তি রক্ষা ও কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে মতবিনিময় করবেন। তবে আলোচনার বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হয়নি।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে বিশ্বে পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়টি গুরুত্ব পেতে পারে। ট্রাম্পের মতে, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক। এ ছাড়া ইরান পরিস্থিতি নিয়েও আলোচনার আগ্রহ রয়েছে তাঁর।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে তিন নেতার বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা এখনো স্পষ্ট নয়। তবে ট্রাম্প এর আগে ইউক্রেন যুদ্ধের অবসান এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন।
গত ৮ নভেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্ভাব্য বৈঠক নিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা অনেক বিষয় নিয়ে কথা বলব।’ একই বক্তব্যে তিনি ইরানের যুদ্ধ বন্ধের প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।
অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বৈঠকটিকে অত্যন্ত প্রতীকী গুরুত্বসম্পন্ন বলে বর্ণনা করেছেন। তাঁর মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিন দেশের সহযোগিতা এবং পরবর্তী সময়ে জাতিসংঘ প্রতিষ্ঠার ইতিহাসও এ বৈঠকের প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত।
বিশ্লেষকদের মতে, তিন নেতার এই বৈঠক আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়ার কৌশলগত সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সমঝোতা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available