আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের করাচিতে আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্সের সদর দপ্তরে সশস্ত্র হামলায় নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে চার হামলাকারীও নিহত হয়। স্থানীয় সময় ২৭ জুন শনিবার সন্ধ্যায় গুলিস্তান-ই-জওহর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
সিন্ধু প্রদেশের পুলিশপ্রধান (ইন্সপেক্টর জেনারেল) জাভেদ আলম ওধো জানান, কয়েকজন সশস্ত্র হামলাকারী করাচির পূর্বাঞ্চলে অবস্থিত রেঞ্জার্সের একটি কম্পাউন্ডে প্রবেশের চেষ্টা করে। এর কিছুক্ষণ আগে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে এক সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী প্রবেশের চেষ্টা করলে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।
ওধো স্থানীয় গণমাধ্যমকে বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলাকারীরা একটি গাড়ি দিয়ে কম্পাউন্ডের প্রধান ফটকে আঘাত হানে। তবে বিস্ফোরণটি গাড়ি থেকেই ঘটেছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ এক বিবৃতিতে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন।
হামলার পর মোসামিয়াত চৌরঙ্গি এলাকায় গোলাগুলির শব্দ শোনা গেলে নিরাপত্তা বাহিনী আশপাশের সড়ক ঘিরে ফেলে। পরে বিশেষ নিরাপত্তা ইউনিট, সন্ত্রাসবিরোধী বাহিনী এবং রেঞ্জার্স সদস্যরা যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জরুরি সেবাদানকারী সংস্থা এধি ফাউন্ডেশন জানিয়েছে, হামলায় অন্তত দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার গভীর রাতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) থেকে বিচ্ছিন্ন সশস্ত্র সংগঠন জামাত-উল-আহরারের একটি সহযোগী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির দাবি, অভিযানে তাদের মোট নয়জন সদস্য অংশ নিয়েছিল।
সূত্র: আল জাজিরা, এএফপি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available