আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের রাজধানী এথেন্সে একটি বিস্ফোরণের পর ভবন ধসে পড়ে নিহত ছয়জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারীরা। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
গ্রিক রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি ও অন্য স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ সেপ্টেম্বর শনিবার নিহতদের মধ্যে দুই পুরুষ ও দুই নারী– চারজনের কাছ থেকে পাওয়া নথিপত্র ও ব্যক্তিগত জিনিসপত্র দেখে ধারণা করা হচ্ছে, তারা মার্কিন নাগরিক। বাকি দুজন ভুক্তভোগী এক বয়স্ক দম্পতি, যাদের একজন ব্রিটিশ পুরুষ ও অন্যজন গ্রিক নারী।
তারা ভবনটির দ্বিতীয় তলায় বসবাস করতেন।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের কারণে পাশের একটি ভবনে থাকা দুই নারী আহত হয়েছেন।
এথেন্সের মেয়র হ্যারিস ডৌকাস জানিয়েছেন, জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় অবস্থিত ছোট ও দুই তলা বিশিষ্ট ভবনটি ধসে পড়ার পেছনে বড় ধরনের গ্যাস লিকেজ দায়ী বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, আশপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোর লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ডৌকাস বলেন, ক্ষতি শুধু এই ভবনটিতেই সীমাবদ্ধ নেই, বরং পুরো রাস্তায় এবং পেছনের রাস্তায়ও ছড়িয়ে পড়েছে। আমরা একটি কল্পনাতীত ধ্বংসযজ্ঞের কথা বলছি।
তিনি জানান, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া পাশের দুটি ভবন ভেঙে ফেলতে হতে পারে।
সূত্র: আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available