স্পোর্টস ডেস্ক: ২০২৭ ওয়ানডে বিশ্বকাপই ভারতের হয়ে নিজের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভিরাট কোহলি। দেশের হয়ে আরও একটি বিশ্বকাপ খেলেই ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।
২৬ সেপ্টেম্বর শনিবার সম্প্রচারমাধ্যম জিওস্টারকে কোহলি বলেন, ভারতের হয়ে এটাই হবে তার শেষ বিশ্বকাপ। তাই শিরোপা জিততে নিজের সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত তিনি।
ওয়ানডেতে সর্বোচ্চ ৫৪টি সেঞ্চুরির মালিক কোহলি ইতোমধ্যে টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে বর্তমানে ভারতের হয়ে শুধু ৫০ ওভারের ক্রিকেটেই খেলছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার।
ওয়ানডেতে কোহলির রান ১৪ হাজার ৯৪১। এই ফরম্যাটে তার ওপরে আছেন শুধু ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার, যার সংগ্রহ ১৮ হাজার ৪২৬ রান।
২০১১ সালে ভারতের মাটিতে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন কোহলি। তবে ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা থেকে বঞ্চিত হয় ভারত।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় আগামী বছরের অক্টোবর-নভেম্বরে বসবে ২০২৭ বিশ্বকাপের আসর। এটি হতে যাচ্ছে কোহলির পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ।
কোহলির মতে, ৫০ ওভারের বিশ্বকাপ ক্রিকেটের অন্যতম কঠিন চ্যালেঞ্জ। বিশেষ করে দেশের বাইরে অনুষ্ঠিত হলে এর শারীরিক ও মানসিক চাপ আরও বেড়ে যায়। টুর্নামেন্টে দীর্ঘ সময় ধরে টি-টোয়েন্টির মতো তীব্রতা ধরে রেখে খেলতে হয় বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে কোহলির মতো ভারতের হয়ে শুধু ওয়ানডে খেলছেন সাবেক অধিনায়ক রোহিত শর্মাও। তিনিও ২০২৭ বিশ্বকাপে খেলার ব্যাপারে নিজের আগ্রহের কথা জানিয়েছেন।
রোহিত বলেন, যতদিন খেলছেন, ততদিন সামনে নতুন কিছু পাওয়ার সুযোগ থাকে। তাই বিশ্বকাপ নিয়ে তার আগ্রহ এখনও অটুট।
কোহলি ও রোহিত দুজনকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ভারতীয় দলে রাখা হয়েছে। সিরিজের প্রথম ম্যাচ রোববার তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available