আন্তর্জাতিক ডেস্ক: সুদানের উত্তর দারফুর অঙ্গরাজ্যের গারা আল-জাওয়াইয়া গ্রামে একটি ঐতিহ্যবাহী গ্রামীণ আদালত চত্বরে ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
২ আগস্ট রোববার স্থানীয় সময় দুপুরে কাবকাবিয়া এলাকার কাছে গারা আল-জাওয়াইয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। সুদানের সংঘাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো পর্যবেক্ষণকারী সংগঠন ইমার্জেন্সি লয়ার্স এ তথ্য জানিয়েছে।
সংগঠনটির ভাষ্য অনুযায়ী, স্থানীয় বিরোধ ও বিভিন্ন মামলার নিষ্পত্তির জন্য একটি গাছের নিচে বসা প্রথাগত আদালতে বহু মানুষ জড়ো হয়েছিলেন। এ সময় এলাকায় বিমান ও ড্রোন হামলা চালানো হলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে চারজন স্থানীয় আদিবাসী নেতা এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর দুজন কমান্ডার রয়েছেন। বর্তমানে গারা আল-জাওয়াইয়া গ্রামটি আরএসএফের নিয়ন্ত্রণে রয়েছে।
গ্রামটি উত্তর দারফুরের কাবকাবিয়া শহরের কাছে এবং আল-ফাশের শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। দীর্ঘ লড়াইয়ের পর গত বছরের অক্টোবরে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় আরএসএফ।
জাতিসংঘের মানবাধিকার তদন্তকারীদের মতে, আল-ফাশের দখলকে কেন্দ্র করে আরএসএফের অভিযানে গণহত্যার ইঙ্গিত পাওয়া গেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালোর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব থেকে সুদানে গৃহযুদ্ধ শুরু হয়। এরপর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে তীব্র সংঘর্ষ অব্যাহত রয়েছে।
জাতিসংঘের তথ্যমতে, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই উভয় পক্ষের ড্রোন হামলায় এক হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। দীর্ঘস্থায়ী এই সংঘাতে কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হয়ে বিশ্বের অন্যতম বড় মানবিক সংকটের মুখোমুখি হয়েছেন।
সূত্র: দ্য নিউ আরব
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available