• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ১২:২৯:০১ (14-Sep-2026)
  • - ৩৩° সে:
সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল হামলা

সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।১২ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ দাবি করেন।তিনি জানান, সৌদি ঘাঁটিতে থাকা অস্ত্রের গুদাম ও কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব স্থাপনা থেকে ইয়েমেন ও দেশটির জনগণের বিরুদ্ধে ‘আগ্রাসন’ পরিচালনা করা হচ্ছিল বলে দাবি করেন তিনি।তবে হামলাটি ঠিক কখন চালানো হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি হুথি মুখপাত্র।এদিকে গত সপ্তাহে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সঙ্গে দেশটির সরকারি বাহিনীর নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। ইয়েমেনের সরকারি বাহিনীকে সৌদি আরব দীর্ঘদিন ধরে সামরিক সহায়তা দিয়ে আসছে।এর মধ্যেই দক্ষিণ ইয়েমেনের দিকে অগ্রসরমান হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেবে না—এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, হুথিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে তাদের অভিযানে হস্তক্ষেপ না করার অনুরোধ করেছে।শনিবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পকে হুথিদের বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, হুথিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করতে চায় না। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিতে অনুরোধ করেছে।হুথিদের এই অভিযানের মধ্যেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। হামলার ফলে হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগর দিয়ে তেল সরবরাহের ক্ষেত্রে সৌদির গুরুত্বপূর্ণ এই পথটি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।সৌদি তেল পাইপলাইনে হামলার ঘটনায় ইরান জড়িত থাকতে পারে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।সূত্র: এএফপি