আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মীরের দুর্গম জঙ্গলে সিমকার্ড, মোবাইল টাওয়ার কিংবা ওয়াই-ফাই ছাড়াই যোগাযোগের জন্য নতুন প্রযুক্তি ব্যবহারের বিষয়টি সামনে এসেছে। নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, সন্ত্রাসীরা ‘লোরা’ প্রযুক্তিনির্ভর যোগাযোগযন্ত্র ব্যবহার করছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী সম্প্রতি কয়েকটি উন্নত যোগাযোগযন্ত্র উদ্ধারের পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এসব যন্ত্রে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের প্রয়োজন হয় না এবং এগুলো পরস্পরের মধ্যে সংকেত আদান-প্রদান করতে পারে।
২৯ সেপ্টেম্বর বুদগাম জেলার গুরওয়েথ কালান এলাকায় অভিযানের সময় লস্কর-ই-তৈয়েবার কমান্ডার মোহাম্মদ আসিফ ওরফে হাশিম মুসা নিহত হন। ঘটনাস্থল থেকে একটি ‘লোরা আলট্রা’ যন্ত্রসহ বিভিন্ন যোগাযোগ সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে নিরাপত্তা সূত্র।
নিরাপত্তা কর্মকর্তাদের ভাষ্য, এগুলো সাধারণ ওয়াকিটকি নয়; বরং এনক্রিপ্ট করা যোগাযোগযন্ত্র। প্রতিটি যন্ত্র অন্য যন্ত্রের সংকেতও পুনরায় পাঠাতে পারে। ফলে মোবাইল নেটওয়ার্ক ছাড়াই একাধিক যন্ত্রের মাধ্যমে একটি নিজস্ব যোগাযোগব্যবস্থা তৈরি করা সম্ভব বলে কর্মকর্তাদের দাবি।
নিরাপত্তা সংস্থাগুলোর মতে, লোরা প্রযুক্তি ব্যবহার করে দুর্গম এলাকায় বার্তা, অবস্থানসংক্রান্ত তথ্য ও জরুরি সংকেত পাঠানো সম্ভব। একটি যন্ত্র অন্য যন্ত্রের সংকেত পুনরায় পাঠাতে পারায় পাহাড়ি ও জঙ্গলের মতো এলাকায় একাধিক যন্ত্র মিলে যোগাযোগের পরিধি বাড়াতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, দাচিগাম ও পাহেলগামের মধ্যবর্তী পাহাড়ি এলাকায় ‘অপারেশন মহাদেব’ চলাকালে একাধিক এনক্রিপ্টেড লোরা যন্ত্র ও সিমবিহীন ফোন উদ্ধারের কথা জানিয়েছে নিরাপত্তা সংস্থাগুলো। তদন্তকারীদের দাবি, এসব যন্ত্র ব্যবহার করে সন্ত্রাসীরা নিজেদের মধ্যে এবং সীমান্তের ওপারে থাকা সহযোগীদের সঙ্গে যোগাযোগ করছিল।
নিরাপত্তা সূত্রের দাবি, উদ্ধার হওয়া যন্ত্রগুলো স্থানীয়ভাবে তৈরি নয়। এগুলো আগে থেকেই নির্দিষ্টভাবে প্রস্তুত ও এনক্রিপ্ট করা ছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। তবে এসব যন্ত্রের প্রকৃত উৎস ও সরবরাহব্যবস্থা নিয়ে তদন্ত চলছে।
নতুন এই যোগাযোগব্যবস্থার কারণে নিরাপত্তা বাহিনীও তাদের নজরদারি পদ্ধতিতে পরিবর্তন আনছে। দক্ষিণ কাশ্মীরের জঙ্গলে লোরা প্রযুক্তিতে ব্যবহৃত বেতার সংকেত শনাক্ত করতে নজরদারি ব্যবস্থা নতুন করে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নিরাপত্তা কর্মকর্তাদের মতে, শুধু প্রচলিত মোবাইল ফোন বা সিমকার্ডভিত্তিক যোগাযোগের ওপর নজরদারি করলেই এখন আর যথেষ্ট নয়। সিমবিহীন বেতার যোগাযোগ শনাক্ত করাও তাদের নজরদারির নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: এনডিটিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available