• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৩৯:০৯ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

বাহরাইনে ইরানি ড্রোন হামলা, শিল্প স্থাপনায় আগুন

২২ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৯:৫৬

বাহরাইনে ইরানি ড্রোন হামলা, শিল্প স্থাপনায় আগুন
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনে আবারও হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। শনিবার দিবাগত রাতে ইরানি ড্রোনের আঘাতে দেশটির একটি বেসামরিক শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ ঘটনাকে ‘ইরানি আগ্রাসনের’ অংশ হিসেবে উল্লেখ করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় স্থাপনার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হননি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সিভিল ডিফেন্সের দলগুলো।

তবে ক্ষতিগ্রস্ত স্থাপনাটির নাম বা অবস্থান প্রকাশ করেনি বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

আরও পড়ুন

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলি হামলায় নিহত ৪

অন্যদিকে, পৃথক এক বিবৃতিতে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনের আল-রিফা ও আওয়ালিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে অভিযান চালানো হয়েছে। ওই অভিযানে ঘাঁটিগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করার পর, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স ওই ঘাঁটিগুলোতে থাকা মার্কিন সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে। এ অভিযান ছিল ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইরানের ওপর অব্যাহত আগ্রাসন, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং (হরমুজ প্রণালির) হাঙ্গাম দ্বীপে অবস্থিত একটি (ইরানি) রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাব।”

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, গত ২০ ফেব্রুয়ারি শুক্রবার বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ইরানের সিতরা দ্বীপে গিয়ে পড়ে। এতে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ‘বাহরাইন নিউজ’ নামে একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইরনা জানিয়েছে, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বারবার ত্রুটি দেখা দেওয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহর মোতায়েন রয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে দেশটি বারবার হামলার শিকার হয়েছে। গত সেপ্টেম্বর থেকে কয়েক সপ্তাহ বিরতির পর সাম্প্রতিক দিনগুলোতে বাহরাইনে তিন দফা ড্রোন হামলা চালিয়েছে ইরান। ২১ নভেম্বরের আগে সর্বশেষ হামলাটি হয়েছিল ১৭ নভেম্বর।

শনিবার দিবাগত রাতের হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে ইরানকে ‘২৮১৭ নম্বর রেজল্যুশন’ বাস্তবায়নে বাধ্য করতে পরিষদকে ‘দৃঢ় পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, গত ১৭ নভেম্বরের ড্রোন হামলার পর এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসিম মোহামেদ আল-বুদাইউই বলেছিলেন, বাহরাইনের নিরাপত্তা, ভূখণ্ডগত অখণ্ডতা, বিভিন্ন স্থাপনা এবং সেখানে বসবাসরত নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা সামগ্রিকভাবে জিসিসিভুক্ত দেশগুলোর নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। নিজেদের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি যেকোনো হুমকি মোকাবিলায় জিসিসি ঐক্যবদ্ধ।

আরও পড়ুন

স্বয়ংক্রিয় প্রাণঘাতী রোবটের নিয়ন্ত্রণ চায় ১২৮ দেশ

তিনি আরও বলেছিলেন, “এই হামলার মোকাবিলায় বাহরাইন যে পদক্ষেপই গ্রহণ করুক না কেন, জিসিসি তার প্রতি সমর্থন জানাবে।”

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
২২ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৮:০৩



টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর ২০২৬)
২২ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৪:২১