• ঢাকা
  • |
  • শনিবার ৭ই ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:২৮:৩২ (22-Aug-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের ট্রাম্পের আদেশ বেআইনি: মার্কিন আদালত

২২ আগস্ট ২০২৬ সকাল ১১:২৫:৩৩

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের ট্রাম্পের আদেশ বেআইনি: মার্কিন আদালত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। আদালত বলেছে, এ নীতি কার্যকর করার ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আইনগত এখতিয়ার ছিল না।

২১ আগস্ট শুক্রবার নিউইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্টের আদালতের বিচারক জিনেট ভার্গাস এ রায় দেন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের এই নীতি স্পষ্টতই বেআইনি এবং ফেডারেল অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক।

রায়ে বিচারক বলেন, জাতীয়তার ভিত্তিতে নির্দিষ্ট দেশগুলোর নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান সামগ্রিকভাবে বন্ধ করে দেওয়া মার্কিন অভিবাসন আইনের বিদ্যমান কাঠামোর সরাসরি লঙ্ঘন। ওই আইনে কনসুলার কর্মকর্তাদের ভিসা আবেদন পর্যালোচনার ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতার সীমাবদ্ধতা নির্ধারণ করা হয়েছে।

অভিবাসন অধিকারবিষয়ক দুটি সংগঠন—ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক ও আফ্রিকান কমিউনিটিজ টুগেদার—ভিসা আবেদনকারী এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে নিয়ে এ মামলা করে। বিচারক ভার্গাস সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়োগপ্রাপ্ত।

চলতি বছরের জানুয়ারি থেকে ভিসা স্থগিতের নীতিটি কার্যকর ছিল। এর আওতায় বাংলাদেশ ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ, ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ের মতো লাতিন আমেরিকার দেশ এবং আফ্রিকা, মধ্যপ্রাচ্য, বলকান ও ক্যারিবীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশের নাগরিকরা ক্ষতিগ্রস্ত হন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি। এই যুক্তিতে তাদের অভিবাসী ভিসা প্রদান স্থগিত রাখা হয়েছিল।

ক্ষমতায় ফেরার পর থেকেই অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। ১ জানুয়ারি থেকে ৩৯টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর এবং এর আগে বৈচিত্র্যময় ভিসা কর্মসূচিতেও স্থগিতাদেশ দেওয়া হয়।

এদিকে আদালতের রায়ের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বগুড়ায় ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত
বগুড়ায় ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত
২২ আগস্ট ২০২৬ দুপুর ১২:২৪:০০