• ঢাকা
  • |
  • রবিবার ৩রা কার্তিক ১৪৩৩ সকাল ১০:২২:৫৩ (18-Oct-2026)
  • - ৩৩° সে:

পশ্চিম তীরে মার্কিন সাংবাদিকের ওপর দখলদারদের হামলা, ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র

১৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:১৪:৪৯

পশ্চিম তীরে মার্কিন সাংবাদিকের ওপর দখলদারদের হামলা, ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র
হামলায় আহত মার্কিন ফটোসাংবাদিক হেইডি লেভিন। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে মার্কিন ফটোসাংবাদিক হেইডি লেভিন ও কয়েকজন ফিলিস্তিনির ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এ ধরনের সহিংসতা বন্ধে ইসরায়েলকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর আল জাজিরার।

১৬ অক্টোবর শুক্রবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুবিও জানান, হামলার বিষয়ে তিনি তখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত অবহিত হননি। তবে ঘটনাটির যেসব ছবি তিনি দেখেছেন, তা উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

রুবিও বলেন, অধিকৃত পশ্চিম তীরে কোনো সংঘাত বা সংকট দেখতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য ইসরায়েলকে তাদের প্রত্যাশার কথা জানানো হবে। সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার পশ্চিম তীরের আবু ফালাহ এলাকার কাছে ফিলিস্তিনিদের বার্ষিক জলপাই সংগ্রহের কার্যক্রমের সংবাদ সংগ্রহ করছিলেন হেইডি লেভিন। এ সময় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় তিনি ও কয়েকজন ফিলিস্তিনি আহত হন।

আরও পড়ুন: ইরানের অস্ত্রভান্ডারে নতুন সংযোজন, হামলার বিষয়ে সতর্ক নেতানিয়াহু

লেভিন জানান, হামলাকারীরা প্রায় ১০ মিনিট ধরে তাকে মারধর করেন। এ সময় তিনি নিজের ক্যামেরা ও ব্যাগ আগলে রাখার চেষ্টা করেন। তার দাবি, শরীরে সুরক্ষাবর্ম ও মাথায় হেলমেট না থাকলে হামলার পর বেচে থাকা কঠিন হতো।

৬৪ বছর বয়সী এই সাংবাদিককে পরে রামাল্লার উত্তর-পূর্বে আবু ফালাহ এলাকা থেকে হাসপাতালে নেওয়া হয়। তার মেয়ের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, হামলায় লেভিনের একটি আঙুল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অস্ত্রোপচার করতে হয়েছে। এ ছাড়া তার একটি পাঁজরের হাড় ও মেরুদণ্ডের কয়েকটি কশেরুকা ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত পেয়েছেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা লেভিনের পাসপোর্ট, মুঠোফোন, মানিব্যাগ ও সাংবাদিকতার সরঞ্জাম নিয়ে গেছে।

ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবিও এ হামলার নিন্দা জানিয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটিকে মুখোশধারীদের সংঘটিত ‘জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করেন।

হাকাবি বলেন, নিরস্ত্র সাংবাদিকের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের দীর্ঘমেয়াদি কারাদণ্ড হওয়া উচিত। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেফতার এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে তাদের বিচারের দাবি জানান।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার জন্য ফিলিস্তিনি অথবা ‘চরম বামপন্থী’ কর্মীরা দায়ী হয়ে থাকতে পারেন বলে মন্তব্য করেছেন। তবে তার এ দাবির পক্ষে কোনো প্রমাণের উল্লেখ করেননি।

অন্যদিকে, মার্কিন রাষ্ট্রদূত হাকাবি হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও তাদের পরিচয় নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ