আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি রূপরেখা পাঠিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ কাতারের মাধ্যমে এ প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, শান্তি আলোচনা নিয়ে ‘সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রের হাতে’।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশ নিতে বর্তমানে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থান করছেন আরাঘচি। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের ভুল ও অপরাধের পুনরাবৃত্তি ঘটিয়ে নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কোনো দেশের ওপর বোমা হামলা চালানো, সেই দেশকে ধ্বংসের হুমকি দেওয়া এবং নিষেধাজ্ঞা আরোপের পর আবার স্বাভাবিক নৌচলাচলের নিরাপত্তা ফিরে আসবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়।
আরও পড়ুন: সৌদি আরবকে ইসরায়েল ব্যাপক সহায়তা করছে: ট্রাম্প
আরাঘচি বলেন, ইরান তার জনগণ, সার্বভৌমত্ব ও ন্যায্য স্বার্থ রক্ষায় অঙ্গীকারবদ্ধ। তবে নিজেদের অধিকার রক্ষার সঙ্গে শান্তির বার্তা দেওয়ার কোনো বিরোধ নেই।
যুদ্ধের সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে ইরান সম্পূর্ণ সচেতন উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই তেহরান শান্তির গুরুত্ব বোঝে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, শান্তি আলোচনার অগ্রগতি এখন যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে। তবে প্রস্তাবিত সাত দিনের রূপরেখা নিয়ে ওয়াশিংটনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কী, তা নিশ্চিত হওয়া প্রয়োজন।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available