আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অচলাবস্থায় পড়া আলোচনা আবার সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সুইজারল্যান্ডে যাচ্ছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে জানা গেছে, আলোচনায় নতুন গতি আনতে ট্রাম্প প্রশাসনের কয়েকজন শীর্ষ প্রতিনিধি সুইজারল্যান্ডে অবস্থান নিতে পারেন। এর মধ্যে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও জামাতা জ্যারেড কুশনারের নামও আলোচনায় এসেছে।
এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। ওই সমঝোতার পর শুক্রবার সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে দুই দেশের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা শুরুর কথা ছিল।
তবে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়। ইরান জানায়, আলোচনা এগোনোর আগে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়ে স্পষ্ট নিশ্চয়তা প্রয়োজন।
এই অচলাবস্থা কাটাতে ট্রাম্প প্রশাসন আবারও কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, পরিস্থিতি অনুকূলে এলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সুইজারল্যান্ডে যেতে পারেন। কূটনৈতিক মহলের আশা, নতুন তৎপরতার ফলে স্থগিত হয়ে যাওয়া যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আবারও গতি পাবে।
সূত্র: রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available