আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরকে লক্ষ্য করে আক্রমণ স্থগিত রাখলেও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা থেমে নেই; বরং গত অক্টোবর মাসে রেকর্ড সংখ্যক বাণিজ্যিক জাহাজ ও ট্যাংকার জাহাজ হামলার শিকার হয়েছে এই প্রণালিতে।
গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে মার্কিন থিঙ্কট্যাংক সংস্থা দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট অব নেয়ার ইস্ট পলিসি (ডব্লিউআইএনইপি) জানিয়েছে, গত অক্টোবরের শুরু থেকে শেষ পর্যন্ত হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়েছে ৩৭টি বাণিজ্যিক ও ট্যাংকার জাহাজ।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের সূত্রপাত গত ২৮ ফেব্রুয়ারি। সংঘাতের প্রথম দিনই বিদেশি জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছিল ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তার পর থেকে বিদেশি যেসব বাণিজ্যিক ও ট্যাংকার জাহাজ আইআরজিসির অনুমোদন না নিয়ে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা করেছে— সেগুলোর একটি উল্লেখযোগ্য অংশ আইআরজিসির হামলার শিকার হয়েছে।
গত মার্চের থেকেই হরমুজে ‘বিনা অনুমতিতে’ চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে আইআরজিসি। তবে অক্টোবরের আগে কোনো এক মাসে হরমুজে ৩০টির অধিক জাহাজ হামলার শিকার হয়েছে— এমন নজির নেই।
এই হামলাগুলো পরিবেশগত উদ্বেগেরও জন্ম দিয়েছে; কারণ ক্ষতিগ্রস্ত জাহাজগুলো থেকে তেল ছড়িয়ে পড়ছে আশপাশের জলরাশিতে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং রয়টার্সের যাচাই করা একটি ভিডিওতে দেখা যায়, তেল ওমানের উপকূলে পৌঁছেছে। এছাড়া উপগ্রহ চিত্রে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছেও তেল ছড়িয়ে পড়ার দৃশ্য ধরা পড়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে ওমান সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো সাড়া দেয়নি।
পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযোগকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথগুলোর মধ্যে একটি। বিশ্বের মোট জ্বালানি পণ্যের এক পঞ্চমসাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।
তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ এবং তার জেরে হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় গুরুতর প্রভাব পড়েছে জ্বালানি পণ্যের বৈশ্বিক বাজারে। বাণিজ্যিক ও ট্যাংকার জাহাজ লক্ষ্য করে নিয়মিত হামলা এবং তার জেরে হরমুজ দিয়ে জ্বালানি পণ্যের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় প্রায় প্রতিদিনই বাড়ছে তেল ও গ্যাসের দাম।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং রয়টার্সের যাচাই করা ভিডিওতে দেখা যায়, সিঙ্গাপুরের পতাকাবাহী ‘ন্যাভিগ ৮ মেসি’ নামের একটি মাঝারি আকারের পরিশোধিত জ্বালানি বহনকারী ট্যাঙ্কারে আগুন জ্বলছে। হরমুজ প্রণালির ওমানের উপকূলের কাছে হামলার শিকার হয়েছে ট্যাঙ্কার জাহাজটি।
একই দিনে ইউরোপীয় ইউনিয়নের ‘কোপার্নিকাস সেন্টিনেল-২’ উপগ্রহের তোলা ছবিতে ওই এলাকা থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, প্রণালির ‘অননুমোদিত পথ’ ব্যবহারের কারনে রোববার ন্যাভিক ৮ মেসিসহ মোট তিনটি ট্যাঙ্কার জাহাজে হামলা হয়েছে।
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে সমুদ্রপথে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। জাতিসংঘের অন্যতম অঙ্গসংগঠন আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) জানিয়েছে, ১০ নভেম্বর পর্যন্ত এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ১৩৩টি নিশ্চিত হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে।
সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত এসব হামলায় মোট ২৫ জন নাবিক প্রাণ হারিয়েছেন। পারস্য উপসাগর থেকে বেরিয়ে আসতে অক্ষম জাহাজগুলোতে থাকা নাবিকসহ হাজার হাজার ক্রু সদস্য এখনও ঝুঁকির মধ্যে রয়েছেন।
‘ন্যাভিগ ৮’ জাহাজটি পরিচালনা এবং এর মালিকানার বড় অংশ ‘অ্যাডনক লজিস্টিকস অ্যান্ড সার্ভিসেস’ এর হাতে রয়েছে। হামলার পর রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়া হলে তারা কোনো সাড়া দেয়নি। ‘অ্যাডনক’-এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।
এদিকে এ পরিস্থতির মধ্যেও মার্কিন বাহিনী ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ বজায় রেখেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সর্বশেষ ঘটনায় শনিবার একটি ইরানি বন্দর থেকে বেরিয়ে আঞ্চলিক জলসীমা ত্যাগ করার চেষ্টাকালে সেন্ট কিটস-এর পতাকাবাহী একটি কার্গো জাহাজে মার্কিন সামরিক বিমান থেকে গুলি চালায়. হয়, এতে জাহাজটি অকেজো হয়ে পড়ে।
সূত্র: রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available