• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৪৮:১২ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

রোহিঙ্গাদের টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসনই স্থায়ী সমাধান: স্বরাষ্ট্রমন্ত্রী

১১ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৭:০০

রোহিঙ্গাদের টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসনই স্থায়ী সমাধান: স্বরাষ্ট্রমন্ত্রী
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করে বলেছেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসনের মধ্যে নিহিত রয়েছে। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

১১ নভেম্বর বুধবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা এবং রোহিঙ্গা শিবিরগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

‘রক্তের দাগ এখনও শুকায়নি অথচ ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাপ্তরিক নথিপত্রে রোহিঙ্গাদের সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। দীর্ঘদিন ধরে বিপুল এই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। তাই আন্তর্জাতিক সব উদ্যোগের মূল লক্ষ্য হওয়া উচিত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করা।

আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত মামলার রায় ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরে মানবিক আশ্রয় ও সেবা দেওয়ায় বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন। রোহিঙ্গাদের ওপর সংঘটিত ঐতিহাসিক মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে তিনি বলেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক সহযোগীরা প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে।

আরও পড়ুন

তারেক রহমান-এরদোয়ান বৈঠকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন

বৈঠকে রোহিঙ্গা শিবিরসংলগ্ন এলাকায় মাদক ও অস্ত্র পাচার এবং সাইবার অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) প্রভাবশালী দেশগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মিয়ানমার সরকারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির তাগিদ দেওয়া হয়।

সাক্ষাৎকালে জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী টমাস হুনেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

রাজধানীতে বাসচাপায় ২ নারীর মৃত্যু

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







রাজধানীতে বাসচাপায় ২ নারীর মৃত্যু
রাজধানীতে বাসচাপায় ২ নারীর মৃত্যু
১১ নভেম্বর ২০২৬ দুপুর ০২:০৬:২৪