হরমুজ প্রণালীতে জাহাজে আগুন
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে একটি জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। ঘটনাটিকে সম্ভাব্য হামলা হিসেবে বিবেচনা করছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও। ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ১৭ কিলোমিটার উত্তরে এ ঘটনা ঘটে।ইউকেএমটিও জানিয়েছে, অন্য একটি জাহাজের ক্যাপ্টেন হরমুজ প্রণালীতে একটি জাহাজে আগুন জ্বলতে দেখেছেন বলে খবর দিয়েছেন।সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটির নাবিক বা কর্মীদের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি ওমানের খাসাব থেকে প্রায় ১৭ কিলোমিটার বা ৯ নটিক্যাল মাইল উত্তরে ঘটেছে। তবে জাহাজটির নাম, মালিকানা, পতাকাবাহী দেশ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।এদিকে, হরমুজ প্রণালী পুনরায় চালু করা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে।ইরান জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথ খুলে দেওয়ার বিষয়ে তাদের সাত দিনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র মেনে না নেওয়া পর্যন্ত প্রণালীটি বন্ধ থাকবে। হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে প্রভাব পড়তে পারে।জাহাজে আগুন লাগার ঘটনাটি সম্ভাব্য হামলার আশঙ্কা তৈরি করলেও এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত প্রমাণ প্রকাশ করা হয়নি। কারা হামলা চালিয়ে থাকতে পারে, জাহাজটি কোন দেশের এবং নাবিকদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না—এসব বিষয়ও অজানা। আল জাজিরাএটিভি/এম এইচ আই