• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৩০:০৪ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

নেতানিয়াহু-আইজেনকোটের ক্ষমতা ভাগাভাগির চুক্তি হচ্ছে

১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪২:৫৬

নেতানিয়াহু-আইজেনকোটের ক্ষমতা ভাগাভাগির চুক্তি হচ্ছে
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: একটি ক্ষমতা ভাগাভাগির চুক্তির প্রস্তাব সামনে এসেছে। এর আওতায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথম দুই বছর সরকার পরিচালনা করবেন। এরপর রাজনীতি থেকে অবসর নেওয়া এবং চলমান দুর্নীতি মামলায় পূর্ণাঙ্গ ক্ষমা পাওয়ার শর্তে বিরোধী দলীয় নেতা গাডি আইজেনকোটের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি।

২৯ অক্টোবর বৃহস্পতিবার চ্যানেল ১৪-এর বরাতে মিডল ইস্ট আই জানায়, প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বর্তমানে প্রস্তাবিত এই ব্যবস্থা এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। মঙ্গলবারের অনিশ্চিত সংসদীয় নির্বাচনের পর সরকার গঠনের পথ সহজ করতে এ উদ্যোগ নেওয়া হতে পারে।

চ্যানেল ১৪-এর দাবি, নির্বাচনী প্রচারণা ও ফলাফল ঘোষণার অনেক আগে থেকেই গত দুই বছর ধরে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এ ধরনের চুক্তির প্রস্তাব দিয়ে আসছেন। বিদ্যমান আসনসংখ্যা অপরিবর্তিত থাকলে প্রস্তাবটি বাস্তবসম্মত বিকল্প হতে পারে বলে উল্লেখ করেছে চ্যানেলটি। এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ অব্যাহত রাখতে নেতানিয়াহু প্রথম দুই বছর প্রধানমন্ত্রী থাকার বিষয়ে জোর দেবেন।

আরও পড়ুন

হামলা হলে এবার কোনো সীমারেখা মানবে না ইরান: ইব্রাহিম আজিজি

তবে প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রতিবেদনটি সম্পূর্ণ প্রত্যাখ্যান করে বিষয়টিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে আখ্যা দেওয়া হয়েছে। এক বিবৃতিতে কার্যালয়টি জানায়, ‘এটি কখনোই ঘটেনি। সরকার গঠনের দায়িত্ব অর্পণের প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত কোনো অনুমানের সঙ্গে আমরা যুক্ত নই।’

বুধবার সন্ধ্যায় প্রকাশিত প্রাথমিক ফলাফলে দেখা গেছে, নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে ইয়াশার পার্টির নেতা আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। চ্যানেল ১২-এর তথ্যানুযায়ী, ফিলিস্তিনি বা আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। ফলে ১২০ সদস্যের নেসেটে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি।

সৈনিক, বন্দি, কূটনীতিক ও চিকিৎসাধীন ভোটারদের বিশেষ ভোট গণনা এখনও চলছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৭ দশমিক ৭ শতাংশ। ২০২২ সালের নির্বাচনের তুলনায় যা ৭ দশমিক ১ শতাংশ বেশি এবং ১৯৯৯ সালের পর সর্বোচ্চ।

আরও পড়ুন

ইরানের আরও দুই পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

উল্লেখ্য, নেতানিয়াহু ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে বছরের পর বছর ধরে দুর্নীতির মামলায় বিচারাধীন রয়েছেন। এ ছাড়া গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ২০২২ সালের শেষ দিক থেকে তিনি ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে চরম ডানপন্থী সরকারের নেতৃত্ব দিয়ে আসছেন।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ