• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:৫৮:৩৭ (26-Jun-2026)
  • - ৩৩° সে:

ব্রিকসে যোগদানে চীনের সমর্থন পাবে বাংলাদেশ

২৬ জুন ২০২৬ সকাল ০৯:৩২:০৬

ব্রিকসে যোগদানে চীনের সমর্থন পাবে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: ব্রিকসে (BRICS) বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে চীন ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দিয়েছে বেইজিং।

২৫ জুন বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মাহদী আমিন।

তিনি বলেন, ‘ব্রিকসে বাংলাদেশের সম্পৃক্ততার বিষয়টি বৈঠকে আলোচনা হয়েছে। এ জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির ক্ষেত্রে চীন ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আমাদের জানিয়েছে।’

বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

মাহদী আমিন জানান, বিএনপির নির্বাচনী ইশতেহারে উল্লেখিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে চীন। এছাড়া প্রকল্পটির যৌথ সম্ভাব্যতা যাচাই (জয়েন্ট ফিজিবিলিটি স্টাডি) পরিচালনায়ও বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় দেশটি।

তিনি আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতেও সহযোগিতার আশ্বাস দিয়েছে বেইজিং। প্রয়োজন হলে মিয়ানমারের সঙ্গে সংলাপের ক্ষেত্রে চীন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে প্রস্তুত বলেও জানিয়েছে।

এ ছাড়া সড়ক, টানেলসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে চীনের সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, ব্রিকস হলো উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি জোট। শুরুতে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনকে নিয়ে 'ব্রিক' গঠিত হলেও ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগ দেওয়ার পর এর নাম হয় 'ব্রিকস'। বর্তমানে জোটটির সদস্যসংখ্যা আরও বেড়েছে এবং বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যে এর প্রভাব ক্রমেই বাড়ছে।

সূত্র: বিবিসি বাংলা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us