• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে আষাঢ় ১৪৩৩ সকাল ১০:৪১:১৪ (10-Jul-2026)
  • - ৩৩° সে:

ইরানে নতুন করে বিস্ফোরণ, আলোচনা চালিয়ে যাওয়ার বার্তা ওয়াশিংটনের

১০ জুলাই ২০২৬ সকাল ০৯:২০:৫৯

ইরানে নতুন করে বিস্ফোরণ, আলোচনা চালিয়ে যাওয়ার বার্তা ওয়াশিংটনের

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের দক্ষিণাঞ্চলে, বিশেষ করে বুশেহর পারমাণবিক স্থাপনার কাছাকাছি এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এসব হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে ওয়াশিংটন।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও দেশটির কর্মকর্তারা দক্ষিণাঞ্চলে একাধিক বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ এসব হামলার দায় স্বীকার করেনি। একই সঙ্গে ইরানও আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট দেশকে দায়ী করেনি।

আল জাজিরাকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, সর্বশেষ হামলাগুলো মার্কিন সামরিক বাহিনী পরিচালনা করেনি। একই সঙ্গে তিনি বলেন, সামরিক উত্তেজনা চললেও ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে এবং তেহরানের সঙ্গে কারিগরি পর্যায়ের আলোচনা এখনো চলছে।

এর আগে বৃহস্পতিবার ইরান দাবি করে, তারা বাহরাইন, কুয়েত ও কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ইরানের দাবি, মঙ্গলবার ও বুধবার দেশটির বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

এদিকে সর্বশেষ বিস্ফোরণের ঘটনায় এখনো হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের মধ্যেও উভয় পক্ষ আলোচনার পথ পুরোপুরি বন্ধ করেনি। ফলে সংঘাত আরও বিস্তৃত হবে নাকি কূটনৈতিক সমাধানের দিকে অগ্রসর হবে—তা এখনো অনিশ্চিত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মাশহাদে চিরনিদ্রায় আলী খামেনি
মাশহাদে চিরনিদ্রায় আলী খামেনি
১০ জুলাই ২০২৬ সকাল ০৯:০৪:০৪








Follow Us