আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। এতে মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে অপরিশোধিত তেলের দাম।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ জুন সোমবার ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৫৮ ডলার বা ৪ দশমিক ১ শতাংশ কমে ৮৩ দশমিক ৭৫ ডলারে নেমে আসে।
একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ০১ ডলার বা ৪ দশমিক ৭২ শতাংশ কমে ৮০ দশমিক ৮৭ ডলারে দাঁড়ায়। এর আগে শুক্রবারও দুই ধরনের তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছিল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান আগামী শুক্রবার সুইজারল্যান্ডে একটি সমঝোতা স্মারকে সই করতে যাচ্ছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি ‘টোলমুক্ত’ করা হবে এবং ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও প্রত্যাহার করা হবে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহরের খবরে বলা হয়েছে, খসড়া চুক্তি অনুযায়ী ইরানের তত্ত্বাবধানে আগামী ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হতে পারে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, তেলের বাজারে ভূ-রাজনৈতিক ঝুঁকির কারণে যে অতিরিক্ত মূল্য যুক্ত হয়েছিল, তা দ্রুত কমতে শুরু করেছে। কারণ ব্যবসায়ীরা এখন সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনাকে মূল্যায়নের মধ্যে আনছেন।
তিন মাসের বেশি সময় ধরে সংঘাতের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।
সূত্র: রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available