আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ আমন্ত্রণে তাকে ‘বিমসটেকের সভাপতি’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে ওঠা প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
৩১ জুলাই শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশে কিছু মহলে দাবি করা হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো আমন্ত্রণপত্রে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং ‘বিমসটেকের সভাপতি’ হিসেবে সম্বোধন করা হয়েছে, যা অপমানজনক বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে ভারতের অবস্থান কী?
জবাবে রণধীর জয়সোয়াল এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বলেন, ‘ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজনের প্রস্তুতি চলছে। আমরা পূর্ণ প্রস্তুতির সঙ্গে সম্মেলন আয়োজন করছি। আমন্ত্রণ এবং অন্যান্য কারিগরি বিষয় সম্পর্কে পরে হালনাগাদ তথ্য জানানো হবে।’
একই ব্রিফিংয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের চলমান বাংলাদেশ সফর নিয়েও প্রশ্ন করা হয়। এক সাংবাদিক জানতে চান, দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য বিশেষ দূতের দায়িত্বও পালন করা এই মার্কিন কূটনীতিকের আঞ্চলিক সফর সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষকে আগে থেকে অবহিত করা হয় কি না।
এ প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের ঢাকা সফর নিয়ে প্রশ্নের উত্তর যুক্তরাষ্ট্রের দূতাবাস বা বাংলাদেশ সরকারের দেয়া উচিত। এটি মূলত ওই দুই দেশের বিষয়।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available