আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় পুলিশের একটি দলের ওপর সন্ত্রাসী হামলায় অন্তত ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। হামলার সময় পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে সংঘর্ষে ১৮ হামলাকারী নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির পুলিশ।
১১ নভেম্বর বুধবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলার গুম্বাত এলাকায় এ ঘটনা ঘটে। খবর আনাদোলু এজেন্সি, ডন ও অ্যাসোসিয়েটেড প্রেসের।
পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। অভিযান শেষে পুলিশ সদস্যরা ফিরে আসার পথে দারবুকাচ এলাকায় বন্দুকধারীরা তাঁদের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ হয়। হামলায় পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া পুলিশের তথ্য অনুযায়ী, হামলায় ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। নিহতদের মধ্যে একজন উপপুলিশ সুপার ও একজন সাব-ইন্সপেক্টর রয়েছেন। একই সংঘর্ষে ১৮ হামলাকারী নিহত হওয়ার দাবিও করেছে পুলিশ।
হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।
খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এতে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
বৈশ্বিক সংঘাত পর্যবেক্ষণ সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটার (এসিএলইডি) তথ্য অনুযায়ী, পাকিস্তানে গত কয়েক বছর ধরে সন্ত্রাসী হামলার ঘটনা বাড়ছে। ২০২২ সালে দেশটিতে ৬৫৮টি হামলার ঘটনা ঘটলেও ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪২৫টিতে। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে হামলার সংখ্যা প্রায় চার গুণ বেড়েছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available