• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ সকাল ১০:২৫:০২ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

নেতানিয়াহুর ভাষণের সময় বিভিন্ন দেশের কূটনীতিকদের ওয়াকআউট

২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫১:২৭

নেতানিয়াহুর ভাষণের সময় বিভিন্ন দেশের কূটনীতিকদের ওয়াকআউট

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিতে মঞ্চে ওঠার পর সভাকক্ষ থেকে বেরিয়ে যান বিভিন্ন দেশের কূটনীতিকরা। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ ঘটনা ঘটে।

নেতানিয়াহু মঞ্চে ওঠার পর সভাকক্ষে থাকা কয়েক ডজন প্রতিনিধি ওয়াকআউট করেন। এ সময় অনেকে দুয়োধ্বনি ও প্রতিবাদ জানান। অধিবেশনের সভাপতিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিকবার শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাতে হয়। অন্যদিকে ইসরায়েলি প্রতিনিধিদল ও তাদের সমর্থকেরা দাঁড়িয়ে করতালি দিয়ে নেতানিয়াহুকে স্বাগত জানান।

ওয়াকআউটের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু কড়া ভাষায় কূটনীতিকদের সমালোচনা করেন। তিনি বলেন, যারা বেরিয়ে গেছেন তারা ‘নৈতিক কাপুরুষ’। একই সঙ্গে যারা এখনো সভাকক্ষে রয়েছেন এবং একই মনোভাব পোষণ করেন, তাদেরও বেরিয়ে যাওয়ার আহ্বান জানান।

ভাষণে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। তাঁর দাবি, ইসরায়েল এ ধরনের অভিযোগের মাধ্যমে মিথ্যা প্রচারের মুখোমুখি হচ্ছে। তিনি গাজায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডকে আত্মরক্ষার অংশ হিসেবে তুলে ধরেন।

নেতানিয়াহু বলেন, ইসরায়েল বর্তমানে সাতটি ফ্রন্টে যুদ্ধ করছে। এর মধ্যে গাজা, পশ্চিম তীর, সিরিয়া, লেবানন, ইরান, ইয়েমেনের হুতিদের পাশাপাশি ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর কথাও উল্লেখ করেন তিনি।

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রসঙ্গেও কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো কঠিন হলেও প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে এটি অন্যতম সহজ সিদ্ধান্ত ছিল।

নেতানিয়াহুর এই ভাষণ এমন এক সময়ে হলো, যখন গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা বাড়ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বিভিন্ন দেশের প্রতিনিধিদের বক্তব্যে ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি, গাজার মানবিক পরিস্থিতি এবং সংঘাতের অবসানের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

নেতানিয়াহু তাঁর ভাষণে ইসরায়েলের সমালোচনাকারী কয়েকটি মিত্র দেশেরও সমালোচনা করেন। যুক্তরাজ্য ও ফ্রান্সের অবস্থান নিয়েও তিনি প্রশ্ন তোলেন। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময়ের এই ওয়াকআউট গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মতপার্থক্য ও ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপের চিত্র আরও স্পষ্ট করেছে।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস
আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস
২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৫:১৭


দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৬:০৯

কঙ্গোয় ১০০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত অন্তত ৪১
কঙ্গোয় ১০০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত অন্তত ৪১
২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২১:৫৯