আন্তর্জাতিক ডেস্ক: লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ যাকার দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রকেট হামলার পর স্থল অভিযান চালিয়ে দ্বীপটির নিয়ন্ত্রণ নেয় হুথি বাহিনী। অভিযান চলাকালে তাদের ‘আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক’ স্লোগান দিতে দেখা যায়।
একই সময়ে ইয়েমেনের পশ্চিম উপকূলেও হুথিদের সামরিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। এর আগে বৃহস্পতিবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোখা বন্দরনগরীর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে হুথিরা।
ইয়েমেনের সরকারি বাহিনীর সামরিক সূত্রের বরাতে মোখা দখলের বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। শহরটি বাব আল-মান্দেব প্রণালী থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত।
যাকার দ্বীপের অবস্থান হুথিদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। দ্বীপটির কাছেই রয়েছে হানিশ দ্বীপপুঞ্জ ও বাব আল-মান্দেব প্রণালী। উপকূলীয় এলাকা ও আশপাশের দ্বীপগুলোর ওপর নিয়ন্ত্রণ বাড়াতে পারলে গুরুত্বপূর্ণ এই নৌপথে চাপ সৃষ্টির সক্ষমতা আরও বাড়তে পারে হুথিদের।
রয়টার্সের তথ্য অনুযায়ী, হুথিরা ইতোমধ্যে হানিশ দ্বীপপুঞ্জের দিকেও অগ্রসর হয়েছে। এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার হুথি যোদ্ধারা স্লোগান দিতে দিতে মোখা বন্দরনগরীতে প্রবেশ করে।
লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে বাব আল-মান্দেব প্রণালী। ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে তেল ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হওয়ায় এ অঞ্চলে হুথিদের সামরিক অগ্রযাত্রা আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
এদিকে গত কয়েক দিনের সংঘাতে ইয়েমেনে হতাহতের সংখ্যাও বেড়েছে। এএফপির সর্বশেষ হিসাবে, গত সপ্তাহজুড়ে চলা সংঘাতে অন্তত ৫০০ মানুষ নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই সশস্ত্র বাহিনীর সদস্য। সংঘাতের কারণে প্রায় ২০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
হুথিদের বিরুদ্ধে সৌদি আরবও বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর সংঘাত আরও তীব্র হয়েছে। সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীও হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে পাল্টা লড়াই চালিয়ে যাচ্ছে।
সূত্র: এএফপি ও রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available