ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ের উদ্যোগের তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন। তবে এসব বিয়ের কোনো আনুষ্ঠানিকতা বা নিবন্ধন হয়নি বলে জানিয়েছে প্রশাসন।
বিষয়টি জানার পর ছাত্রীদের অভিভাবকদের ডেকে বাল্যবিয়ে বন্ধ রাখার বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি ছাত্রীদের বিদ্যালয়ে ফিরিয়ে এনে পড়াশোনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১১ জন ছাত্রী ও তাদের অভিভাবকদের ডাকা হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা তাদের সঙ্গে কথা বলেন এবং বাল্যবিয়ে বন্ধ রাখার বিষয়ে নির্দেশ দেন।
জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বলেন, তাদের কাছে তথ্য ছিল, বিদ্যালয়টির ১১ ছাত্রীর পারিবারিকভাবে মৌখিক বিয়ে হয়েছে। পরে আরও দুজন ছাত্রীর তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে ১৩ ছাত্রীর গোপনে মৌখিক বিয়ে হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে এসব বিয়ের কোনো আনুষ্ঠানিকতা বা নিবন্ধন হয়নি। কয়েকজনের ক্ষেত্রে শুধু দেখাদেখি করে রাখা হয়েছিল।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ১৩ ছাত্রীর বিয়ের তথ্য পাওয়ার পর ১১ জন ছাত্রী ও তাদের অভিভাবককে নোটিশ দেওয়া হয়েছে। বাকি দুজনের নোটিশ দেওয়ার প্রক্রিয়া চলছে। নোটিশের পর নির্ধারিত সময়ে আটজন ছাত্রীসহ ১১ জনের অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন।
তিনি বলেন, অভিভাবকদের সঙ্গে কথা বলে বাল্যবিয়ে বন্ধ রাখার বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে ছাত্রীদের বিদ্যালয়ে ফিরিয়ে এনে পড়াশোনা চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বিয়ের উদ্যোগের বিষয়টি জানার পর তাদের অভিভাবকদের ডেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ছাত্রীদের সংসারে না পাঠিয়ে বিদ্যালয়ে ফিরিয়ে আনার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক ও দায়িত্বশীল ব্যক্তিদের ছাত্রীদের বিষয়ে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান, তালা থানার উপপরিদর্শক তৌহিদুজ্জামান, ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সূত্র: দেশ রূপান্তর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available