• ঢাকা
  • |
  • সোমবার ২রা ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:২৮:২৫ (17-Aug-2026)
  • - ৩৩° সে:

পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬

১৭ আগস্ট ২০২৬ সকাল ০৯:৪৪:২১

পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আজ ১৭ আগস্ট সোমবার ভোরে মন্দিরের কাছে পাঁচতলা একটি হোটেলে আগুন লাগে। এতে কয়েকজনের মৃত্যু এবং বেশ কয়েকজনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বিভিন্ন প্রতিবেদনে নিহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে, তারাপীঠ থানার কাছে পুকুরপাড়ে অবস্থিত ‘নিউ বিদেশিনী’ হোটেলের নিচতলায় ভোরে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ও ধোঁয়া ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন।

হোটেল কর্তৃপক্ষের দাবি, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আগুন ছড়িয়ে পড়ার পর ওপরের তলার কয়েকটি কক্ষে অতিথিরা আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং হোটেলের ভেতর থেকে আটকে থাকা অতিথিদের উদ্ধার করা হয়।

আহতদের রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

অগ্নিকাণ্ডের সময় হোটেলে থাকা অনেকেই আতঙ্কে নিরাপদ স্থানে চলে যান। ধোঁয়ায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বলেও জানা গেছে।

তারাপীঠ একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হওয়ায় সেখানে বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক পুণ্যার্থী আসেন। অগ্নিকাণ্ডের সময়ও হোটেলটিতে বিভিন্ন এলাকা থেকে আসা তীর্থযাত্রীরা অবস্থান করছিলেন।

ঘটনার পর হোটেলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। অগ্নিকাণ্ডের কারণ এবং হোটেলের নিরাপত্তাব্যবস্থায় কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাউদকান্দিতে পুড়ে ছাই স্লিপার কোচ
দাউদকান্দিতে পুড়ে ছাই স্লিপার কোচ
১৭ আগস্ট ২০২৬ দুপুর ১২:০৯:০৮