আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে জারি করা উড্ডয়ন নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় ১৩ নভেম্বর শুক্রবার বিকেল ৩টা ৩৬ মিনিটে দেশটির বিভিন্ন বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রে যোগাযোগব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ার পর রাত ৮টা ১৫ মিনিটে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ফলে প্রায় ৪ ঘণ্টা ৩৯ মিনিট পর দেশটির বিমানবন্দরগুলো থেকে আবারও ফ্লাইট চলাচল শুরু করার অনুমতি দেওয়া হয়েছে।
তবে এ ঘটনায় সৃষ্ট বিপর্যয়ের প্রভাব কাটিয়ে বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), রয়টার্স ও বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় এফএএ সতর্কতামূলকভাবে উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয়। অতিরিক্ত তথ্যের চাপে পুরোনো সুইচ ও রাউটারগুলোতে সমস্যা তৈরি হয়। এর ফলে সেগুলো থেকে অসংগতিপূর্ণ তথ্য আসতে শুরু করে।
শন ডাফি জানান, স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বিমান চলাচলের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এফএএর নিয়ন্ত্রণকেন্দ্র এবং টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোল (ট্র্যাকন) কার্যক্রমও পুনরায় সচল হয়েছে। তবে উড়োজাহাজ ও ক্রুদের অবস্থানগত জটিলতা এবং বাতিল হওয়া ফ্লাইটের কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। এ প্রভাব আগামী কয়েক দিনও থাকতে পারে।
যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার প্রযুক্তি অনেক পুরোনো বলে উল্লেখ করেন ডাফি। তিনি জানান, পুরোনো সুইচ ও রাউটারগুলো অতিরিক্ত তথ্যের চাপে অস্থিতিশীল হয়ে পড়েছিল। এ ব্যবস্থা আধুনিকায়নের জন্য কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন জানান, প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো সাইবার হামলার ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ঘটনার কারণ অনুসন্ধান অব্যাহত রয়েছে। নতুন প্রযুক্তি বা মাইক্রোসফটের বিভিন্ন সেবায় সাম্প্রতিক বিভ্রাটের সঙ্গে এ ঘটনার সংশ্লিষ্টতারও কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এর আগে বিভিন্ন সূত্রের বরাতে এ বিভ্রাটের সঙ্গে প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস পরিচালিত এফএএর গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের সমস্যার সম্পর্ক থাকার কথা জানানো হয়েছিল। তবে ঠিক কোন প্রযুক্তিগত ত্রুটির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।
বিমান চলাচলে নিষেধাজ্ঞার কারণে দেশজুড়ে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত ও বাতিল হয়েছে। এতে বিপাকে পড়েছেন লাখ লাখ যাত্রী। অনেক বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ভোগান্তিতে পড়েন অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাথি আইজারম্যান-বোরাম। তিনি জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে আগের দিন তার ফ্লাইট বাতিল হয়েছিল। শুক্রবার দেশজুড়ে উড্ডয়ন নিষেধাজ্ঞার কারণে আবারও ফ্লাইট বাতিল হওয়ায় তাকে ভোগান্তিতে পড়তে হয়।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available