আন্তর্জাতিক ডেস্ক: গত দেড় সপ্তাহ ধরে চলা রাজনৈতিক সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকদের সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।
২১ নভেম্বর শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, বর্তমান সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যেই এসব সহিংস তৎপরতা চালানো হচ্ছে।
পুলিশের তথ্যের বরাতে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, চলমান এসব সহিংসতা ও হামলায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ক্ষমতাসীন দল- বিএনপির অন্তত দুই সদস্য এবং বাসে অগ্নিসংযোগের ঘটনায় গণপরিবহনের দুই কর্মী রয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত দেড় সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে ছোট পরিসরে সহিংসতা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে- গণপরিবহন, পুলিশ স্টেশন এবং একটি হাসপাতালে অগ্নিসংযোগ এবং ক্ষমতাসীন বিএনপির দুই নেতার বাড়িতে আগুন দেওয়া।
প্রতিবেদন অনুযায়ী, এসব সহিংস কর্মকাণ্ডে জড়িতরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক। সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে। সেখানে বিক্ষোভকারীরা দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সংযোগকারী প্রধান মহাসড়কটি ৩৬ ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় অস্ত্র হাতে মিছিল, ব্যাপক ভাঙচুর, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এই চলমান অস্থিরতা ভারতের সঙ্গে দেশটির দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে চাপ তৈরি করেছে। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা সম্প্রতি নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন।
তবে বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়েছে, তাকে এসব নথি দেওয়া হবে না। এ প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে ‘পলাতক অপরাধী’ হিসেবে আখ্যায়িত করেন এবং তাকে প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি সরকারের আহ্বানের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available