• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৪৫:৪১ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে মোদি সরকার: মার্কিন কমিশন

২১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৭:৫০

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে মোদি সরকার: মার্কিন কমিশন
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) নামে ধর্মীয় সংখ্যালঘুদের নিশানা করার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। সংস্থাটির অভিযোগ, এ প্রক্রিয়ায় ভারতের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের নাম তুলনামূলক বেশি বাদ পড়ছে। একই সঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের বিদেশি হিসেবে চিহ্নিত করে দেশ থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটছে।

১৯ নভেম্বর বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে এসব অভিযোগ করেন কমিশনের চেয়ারম্যান আসিফ মাহমুদ। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

বিবৃতিতে আসিফ মাহমুদ বলেন, “ভারত সরকার মুসলিম নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদের ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করছে। এখন তাদের অবৈধভাবে দেশ থেকে বেরও করে দিচ্ছে।”

আরও পড়ুন

পেরুতে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল রাজধানী লিমাও

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় দেশজুড়ে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়েছে। দেশটির ইতিহাসে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার এটিই সবচেয়ে বড় ঘটনা। বাদ পড়া মানুষের সংখ্যা মেক্সিকোর মোট জনসংখ্যার প্রায় সমান।

মুসলিমদের নাম বাদ পড়ার অভিযোগ

তথ্য-উপাত্তে দেখা গেছে, ভোটার তালিকা সংশোধনের এ প্রক্রিয়ায় ভারতের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু মুসলিমরা তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে মুসলিমরা বৈষম্য ও বর্জনমূলক নীতির শিকার হচ্ছেন।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

রয়টার্সের পৃথক অনুসন্ধানী প্রতিবেদনে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ পড়া নামের মধ্যে মুসলিমদের সংখ্যা বেশি হওয়ার তথ্য উঠে এসেছে। সেখানে ২৭ শতাংশ মুসলিম জনসংখ্যার বিপরীতে যাচাই-বাছাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশই মুসলিমদের বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন ছাত্রসংগঠনগুলোর সমর্থক ও সদস্যরা।

তবে ভারতের নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকা থেকে একই ব্যক্তির একাধিক নাম, মৃত ব্যক্তি, স্থানান্তরিত ব্যক্তি এবং ভোট দেওয়ার অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়া হচ্ছে। ভুলবশত কারও নাম বাদ পড়লে তিনি আপিল করতে পারবেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জয়সওয়াল

ভোটার তালিকা সংশোধনের সঙ্গে জড়িয়েছে বহিষ্কার অভিযান

ভারতে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াটি অবৈধ অভিবাসীদের শনাক্ত করে দেশ থেকে বের করে দেওয়ার পৃথক অভিযানের সঙ্গে জড়িয়ে পড়েছে। যদিও ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়লেই তিনি বিদেশি নাগরিক, এমনটা প্রমাণিত হয় না।

যুক্তরাষ্ট্রের কমিশনের সদস্য জিন মিলস বলেন, ভারত সরকার নিজ দেশের নাগরিক হওয়া সত্ত্বেও মুসলিম ধর্মাবলম্বীদের নিশানা করে তাদেরই দেশ থেকে বের করে দেওয়ার ঘটনা ভয়াবহ এক মাত্রা যোগ করেছে।

আরও পড়ুন

যুদ্ধের পর প্রথম ভারতে পাকিস্তানের মন্ত্রী, বরফ গলবে কী সম্পর্কে

ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে ঘোষণা করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ভারতের সমালোচনা, যুক্তরাষ্ট্রের অবস্থান

ইউএসসিআইআরএফ যুক্তরাষ্ট্র সরকারের একটি দ্বিদলীয় সংস্থা। বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি এ বিষয়ে মার্কিন সরকারের কাছে নীতিগত সুপারিশ করে সংস্থাটি। তবে এসব সুপারিশ মানা বাধ্যতামূলক নয়। ভারতের বিষয়ে কমিশনের সাম্প্রতিক সুপারিশগুলো নিয়ে এখনো কোনো পদক্ষেপ নেয়নি ওয়াশিংটন।

আরও পড়ুন

আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএসসিআইআরএফকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছে। এ ধরনের সমালোচনা বারবার প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। তাদের বক্তব্য, এসব মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। এ বিষয়ে মন্তব্য জানতে ওয়াশিংটনে ভারতের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

জাতিসংঘ ভারতে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার আইনটিকে ‘মৌলিকভাবে বৈষম্যমূলক’ বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে, ধর্মান্তরবিরোধী আইন নিয়ে সমালোচকদের বক্তব্য, এসব আইন মানুষের ধর্মবিশ্বাসের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে।

ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। বিরোধী দল ও শিক্ষার্থীদের অভিযোগ, এ সংশোধনে বিজেপিকে ভোট দেওয়ার সম্ভাবনা কম—এমন মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিক্ষোভ দমনে ভারত সরকারের কঠোর পদক্ষেপেরও সমালোচনা করেছেন মানবাধিকার বিশেষজ্ঞরা।

গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, বিষয়টি ভারতের ‘অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়’। এ নিয়ে ওয়াশিংটন কোনো মন্তব্য করবে না।

জাতিসংঘের বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, মোদি সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বেড়েছে। এ ক্ষেত্রে তারা ঘৃণামূলক বক্তব্যের বিস্তার, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার আইন, মুসলিমদের মালিকানাধীন স্থাপনা ভেঙে ফেলা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল এবং ধর্মান্তরবিরোধী আইনের মতো বিষয়গুলো তুলে ধরেছে।

অন্যদিকে, নাগরিক অধিকারকর্মীরা যুক্তরাষ্ট্রেও মুসলিমদের প্রতি আচরণের সমালোচনা করেছেন। তাঁদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ইসলামবিদ্বেষ বেড়েছে। নির্বাচনি প্রচারের সময় রিপাবলিকান নেতাদের মুসলিমবিরোধী বক্তব্যও বৃদ্ধি পেয়েছে বলে তাঁরা অভিযোগ করেছেন।

তবে ভারত সরকার বৈষম্যের অভিযোগ অস্বীকার করেছে। দেশটির সরকারের দাবি, খাদ্য ভর্তুকি ও বিদ্যুতায়ন কর্মসূচিসহ বিভিন্ন সরকারি নীতির সুফল সব সম্প্রদায়ের মানুষই পাচ্ছেন।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








টিভিতে আজকের খেলা (২১ নভেম্বর ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ নভেম্বর ২০২৬)
২১ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৩:১৯