আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে চলমান সহিংসতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দেশটিতে মানবিক দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে তিনি সব পক্ষকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
১৬ নভেম্বর সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান-জাতিসংঘের ১৬তম শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গুতেরেস। এ সময় তিনি বলেন, ‘মিয়ানমারে এখনো অসহনীয় মানবিক সংকট চলছে।’ খবর দ্য স্ট্রেইটস টাইমস।
জাতিসংঘ মহাসচিব জানান, মিয়ানমারে বেসামরিক নাগরিকদের হতাহতের প্রধান কারণ হয়ে উঠেছে বিমান হামলা। দেশটিতে বর্তমানে ৪০ লাখেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া ১ কোটি ৬০ লাখেরও বেশি মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন।
গুতেরেস বলেন, ‘সহিংসতা অবশ্যই বন্ধ হতে হবে৷ দায়মুক্তির সংস্কৃতির অবসান ঘটাতে হবে৷ এবং এসব করতে হবে অবিলম্বে ও শর্তহীনভাবে৷ কোন অঞ্চল কার নিয়ন্ত্রণে রয়েছে তা বিবেচনা না করেই মানুষের কাছে প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছে দিতে হবে।’
এর আগে ম্যানিলায় আসিয়ান-জাতিসংঘ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যেও মিয়ানমারের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন গুতেরেস। দেশটিতে সহিংসতা বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় আঞ্চলিক জোটটির ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
গুতেরেস বলেন, ‘কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে যুদ্ধবিরতি বজায় রাখতে সহায়তা করার জন্য আসিয়ানকে সাধুবাদ জানাই৷ তবে মিয়ানমারের চলমান সংকট নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন৷ সেখানে মানবিক দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে৷ সব পক্ষের প্রতি আহ্বান জানাই, আপনারা বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিন, আন্তর্জাতিক আইন মেনে চলুন এবং মানবিক সহায়তা পৌঁছানোর জন্য নিরাপদ, নিরবচ্ছিন্ন ও বাধাহীন সুযোগ নিশ্চিত করুন।’
তিনি মিয়ানমার সংকটের একটি অন্তর্ভুক্তিমূলক ও দেশটির জনগণের নেতৃত্বাধীন রাজনৈতিক সমাধানের ওপরও গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে আসিয়ানের পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে জাতিসংঘের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে সামরিক বাহিনী ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে। এতে বেসামরিক নাগরিকদের দুর্ভোগ ক্রমেই বাড়ছে।
এদিকে রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, ‘রোহিঙ্গারা এখনো ন্যায়বিচার পাওয়ার অপেক্ষায়৷ তারা এমন এক পরিস্থিতির অপেক্ষায় রয়েছে, যা তাদের জন্য মিয়ানমারে নিরাপদে ও মর্যাদার সঙ্গে ফিরে যাওয়ার পথ তৈরি করবে৷ এই শর্তগুলো যতদিন পূরণ না হচ্ছে, ততদিন সহিংসতা ও নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষদের সুরক্ষা দেওয়া বিভিন্ন রাষ্ট্রের দায়িত্ব৷'’
গুতেরেসের বক্তব্যে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির বিষয়টিও গুরুত্ব পেয়েছে। তাঁর মতে, মিয়ানমারে প্রয়োজনীয় নিরাপত্তা ও অনুকূল পরিস্থিতি নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া দেশগুলোর দায়িত্ব।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available