আন্তর্জাতিক ডেস্ক: ইতালি জুড়ে তিন শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে সাইবার ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ১১ নভেম্বর বুধবার স্থানীয় সময় সকাল প্রায় ১০টার দিকে দেশটির অন্তত ৩১২টি স্কুলে এই সতর্কবার্তা পাঠানো হয়। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় আজ বিকেল ৪টায় রাজধানী রোমের Palazzo Chigi-তে জরুরি বৈঠক ডেকেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি।
স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পাঠানো ওই ইমেইলে লেখা ছিল: “আপনার প্রতিষ্ঠানে দূরনিয়ন্ত্রিত (রিমোট কন্ট্রোলড) ডেটোনেটরসহ একটি শক্তিশালী বিস্ফোরক রাখা হয়েছে।”
হুমকিমূলক বার্তা পাওয়ার পরপরই বহু স্কুলের প্রধান শিক্ষকেরা দ্রুত পুলিশে খবর দেন এবং শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাৎক্ষণিকভাবে স্কুল ভবনগুলো খালি করে দেওয়া হয়।
ঘটনার পরপরই জাতীয় অধ্যক্ষ সমিতির প্রধান আন্তোনেলো জিয়ানেল্লি জানান, “এটি নিশ্চিতভাবেই কোনো অপপ্রচারকারী বা উন্মাদের কাজ। ইমেইল প্রেরণকারীকে দ্রুত শনাক্ত করতে পোস্টাল পুলিশের সহায়তা নেওয়া হচ্ছে।”
বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছে দেশটির সরকার। বিকেল ৪টার জরুরি বৈঠকে দুই উপ-প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পিয়ান্তেদোসি, প্রতিরক্ষামন্ত্রী ক্রোদেন্তো, গোয়েন্দা প্রধান ও জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার (Acn) শীর্ষ কর্তারা অংশ নিচ্ছেন।
এক বিবৃতিতে প্রধানমন্ত্রী জর্জা মেলোনি বলেন, “এখন পর্যন্ত কোনো প্রত্যক্ষ বা সুনির্দিষ্ট বিপদের প্রমাণ পাওয়া যায়নি। তবে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করছে।”
অন্যদিকে, শিক্ষামন্ত্রী ভালদিতারা মন্তব্য করেছেন যে এই হামলার পেছনে সুপরিকল্পিত কোনো কৌশল বা চক্রান্ত থাকতে পারে। প্রতিরক্ষামন্ত্রী ক্রোদেন্তো গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে পার্লামেন্টে ব্রিফ করার কথা জানিয়েছেন। এছাড়া বিরোধী দলগুলোর পক্ষ থেকেও স্বরাষ্ট্রমন্ত্রীকে পার্লামেন্টে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার দাবি জানানো হয়েছে।
বর্তমানে রাজধানী রোম ছাড়াও নেপোলি, বারগামো, ভেনেতো, পিয়েমোন্তে, তোস্কানা, পুলিয়া এবং বাসিলিকাতা অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কড়া নিরাপত্তা ও উচ্চ সতর্কতা জারি রয়েছে।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available