ঢাকায় কয়েকটি দূতাবাসে ই-মেইলে হুমকি, খতিয়ে দেখছে সিটিটিসি
ডেস্ক রিপোর্ট: ঢাকায় অবস্থিত কয়েকটি বিদেশি দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তদন্ত শুরু করেছে।সিটিটিসির কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট দূতাবাসগুলোর প্রতিনিধিদের বৈঠকও হয়েছে। সিটিটিসির এক কর্মকর্তা জানান, ২০ আগস্ট বৃহস্পতিবার দূতাবাসগুলোর প্রতিনিধিদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ই-মেইলে পাঠানো বার্তায় আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলেও জানান তিনি।সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুল হক বলেন, বিষয়টি জানার পর সিটিটিসির কর্মকর্তারা সংশ্লিষ্ট দূতাবাসগুলো পরিদর্শন করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সপ্তাহের শেষ দিকে একই ধরনের ই-মেইলের মাধ্যমে বাংলাদেশে অবস্থিত একাধিক দূতাবাসে হুমকি দেওয়া হয়। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী এসব ই-মেইল পাঠিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো দূতাবাস থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগ করেনি।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, হুমকির বিষয়ে কোনো দূতাবাস থেকে তার থানায় অভিযোগ করা হয়নি।সূত্র: দৈনিক সমকাল