আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় এক মার্কিন সেনা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
১৯ জুলাই রোববার প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, ১৮ জুলাই উত্তর ইরাকে ড্রোনটির বিস্ফোরক নিরাপদে অপসারণের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন সেনা নিহত হন এবং আরেকজন সামান্য আহত হন। নিহত সেনার পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
সেন্টকমের তথ্য অনুযায়ী, ইরান-সম্পর্কিত চলমান সামরিক উত্তেজনা শুরু হওয়ার পর এ পর্যন্ত নিহত মার্কিন সেনার সংখ্যা ১৭ জনে পৌঁছেছে।
এর আগে ১৭ জুলাই শুক্রবার জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুই মার্কিন সেনা নিহত হন এবং আরও একজন নিখোঁজ হন। পরে সম্ভাব্য দেহাবশেষ উদ্ধার করা হয়েছে বলে জানায় সেন্টকম। পরিচয় নিশ্চিত করতে ডিএনএসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।
এদিকে যুক্তরাষ্ট্র টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় বিমান হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান।
এক মাস আগে স্বাক্ষরিত অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার দক্ষিণাঞ্চলের সিরিক, শাদেগান ও আবাদান এলাকায় নতুন করে মার্কিন হামলা হয়েছে। এছাড়া নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেও হামলার অভিযোগ তুলেছে তেহরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, তারা এসব ঘটনার তথ্য যাচাই করছে।
অন্যদিকে ইরান দাবি করেছে, তারা কুয়েতের আল-আদিরি ক্যাম্প এবং আলি আল সালেম বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন সামরিক সরঞ্জাম লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। কুয়েত জানিয়েছে, টানা দ্বিতীয় দিনের মতো একটি পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) কেন্দ্র হামলার শিকার হয়েছে, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।
এ ছাড়া বাহরাইন জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া হামলা প্রতিহত করেছে। জর্ডানের সেনাবাহিনীও তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে। সাম্প্রতিক হামলার প্রতিবাদে দেশটি ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে।
সূত্র: রয়টার্স, আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available