আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের নতুন করে হামলাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এসব হামলার কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাচ্ছে।
১৫ অক্টোবর বৃহস্পতিবার সম্প্রচারমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের নতুন করে হামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এমন হামলা লজ্জাজনক এবং এর প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানির বাজারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করে ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তুলনায় জেলেনস্কির সঙ্গে সমঝোতায় পৌঁছানো কঠিন। যুদ্ধ দ্রুত শেষ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে জেলেনস্কি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করেছেন। ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তিনি। শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।
এর আগে ফিন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, রাশিয়ার তেল শোধনাগারে হামলা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত আর কার্যকর থাকছে না। তাঁর অভিযোগ, জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে ট্রাম্পের ঘোষিত বিরতি রাশিয়া মেনে চলেনি। এ কারণে ইউক্রেন আবারও রুশ জ্বালানি স্থাপনায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: রয়টার্স, এএফপি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available