• ঢাকা
  • |
  • সোমবার ২০শে আশ্বিন ১৪৩৩ সকাল ১০:০৭:৪৯ (05-Oct-2026)
  • - ৩৩° সে:

যুদ্ধক্ষেত্র থেকে পালানোর অভিযোগে ২৭ সেনার মৃত্যুদণ্ড

৫ অক্টোবর ২০২৬ সকাল ০৯:২৫:২১

যুদ্ধক্ষেত্র থেকে পালানোর অভিযোগে ২৭ সেনার মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া এবং সামরিক নির্দেশ অমান্যের অভিযোগে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) ২৭ সেনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত। আদালতের নথির বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, এএফসি/এম২৩ বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের সময় সম্মুখসারির অবস্থান ছেড়ে পিছু হটার অভিযোগে ওই সেনাদের দোষী সাব্যস্ত করা হয়। দক্ষিণ কিভু প্রদেশের উভিরার সামরিক আদালতে ২১তম সিম্বা ব্যাটালিয়নের অন্তত ১১২ সেনার বিচার শুরু হয় গত ১৫ সেপ্টেম্বর।

আগস্টে পূর্ব কঙ্গোতে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের সময় সামরিক নির্দেশ অমান্য এবং যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। আদালত শুক্রবার ৫৪ সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড এবং আরও ১০ সেনাকে ছয় মাসের কারাদণ্ড দেন।

পর্যাপ্ত প্রমাণ না থাকায় অন্তত ২১ সেনাকে খালাস দেওয়া হয়েছে। খালাস পাওয়া সেনাদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন।

কৌঁসুলিরা জানান, উভিরার আশপাশের গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ওই সেনাদের মোতায়েন করা হয়েছিল। তাদের অভিযোগ, সংঘাতের সময় তারা সামরিক নির্দেশ অমান্য করে অবস্থান ছেড়ে চলে যান।

এর আগে গত মে মাসে একই ধরনের অভিযোগে ডিআর কঙ্গোর একটি সামরিক আদালত ৫৮ সেনাকে তিন বছরের কারাদণ্ড দেন। এএফসি/এম২৩ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের সময় সম্মুখসারি থেকে সরে যাওয়ায় তাদের বিরুদ্ধে সামরিক নির্দেশ অমান্যের অভিযোগ আনা হয়েছিল।

সর্বশেষ বিচার চলার মধ্যেও উভিরা এলাকায় এএফসি/এম২৩ বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে।

পূর্ব কঙ্গোর চলমান সংঘাতের অন্যতম প্রধান পক্ষ এম২৩ বিদ্রোহী গোষ্ঠী। ২০২৫ সালের শুরুতে গোমা ও বুকাভু শহর দখলের পর গোষ্ঠীটি পূর্ব কঙ্গোর বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে।

কঙ্গো সরকার, জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো এম২৩-কে সমর্থনের জন্য প্রতিবেশী রুয়ান্ডাকে দায়ী করে আসছে। তবে রুয়ান্ডা এ অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা
পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা
৫ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৩:০৩

জামুকার নতুন ডিজি মোস্তফা জামান
জামুকার নতুন ডিজি মোস্তফা জামান
৫ অক্টোবর ২০২৬ সকাল ০৯:২৮:৫১