আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং মিশন প্রধানদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশসহ ১১টি দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা অংশ নেন। এতে ভার্চুয়ালি বক্তব্য দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর এএনআইর।
২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের আয়োজনে ‘মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন’ শীর্ষক এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় রুবিও বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালে রাষ্ট্রদূত সার্জিও গোরের আয়োজনে ভারতে অনুষ্ঠিত আমাদের মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলাম।’
পোস্টে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সঙ্গে মতবিনিময় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন তিনি।
রুবিও আরও বলেন, ‘আমাদের রাষ্ট্রদূতরা অত্যন্ত গর্বের সঙ্গে যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলছেন।’
এর আগে, ২৮ সেপ্টেম্বর সোমবার রাষ্ট্রদূত সার্জিও গোর অমৃতসরের পবিত্র শিখ উপাসনালয় ‘স্বর্ণ মন্দির’ পরিদর্শন করে শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তিনি ঐতিহাসিক জালিয়ানওয়ালাবাগ ও দেশভাগ মিউজিয়াম ঘুরে দেখেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সফরের ছবি শেয়ার করে গোর এই অভিজ্ঞতাকে স্মরণীয় হিসেবে বর্ণনা করেন ও উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান।
ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকেই সার্জিও গোর দেশটির বিভিন্ন স্থান সফর করছেন, যার অংশ হিসেবে তিনি অমৃতসরে যান। এর আগে তিনি জম্মু ও কাশ্মীরের শ্রীনগর এবং লাদাখের লেহ অঞ্চলে সফর সম্পন্ন করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available