আন্তর্জাতিক ডেস্ক: ইতিহাসে প্রথমবারের মতো নারী সরকারপ্রধান পেল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ ৫০ বছর বয়সী আইনজীবী ও রাজনীতিক ফাতিমা জাহরা এল মানসুরিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে তাঁকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ফাতিমার নেতৃত্বাধীন অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি সবচেয়ে বেশি আসন পায়। দলটি ৩৯৫ আসনের সংসদে ৯৭টি আসন পেয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৯৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা দলটির নেই। ফলে ফাতিমাকে জোট সরকার গঠন করতে হবে।
রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার ফাতিমাকে রাজপ্রাসাদে ডেকে নিয়ে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন রাজা ষষ্ঠ মোহাম্মদ। নির্বাচনের ফল ঘোষণার কয়েক দিন পর এ নিয়োগ দেওয়া হলো।
এর আগে ফাতিমা জাহরা এল মানসুরি মারাকেশের মেয়র এবং জাতীয় সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সাল থেকে তিনি জাতীয় পরিকল্পনা, নগর উন্নয়ন, আবাসন ও নগরনীতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফাতিমা বলেন, মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ায় এটি একটি ঐতিহাসিক ঘটনা।
আরব বিশ্বে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা দ্বিতীয় নারী হলেন ফাতিমা। এর আগে তিউনিসিয়ার নাজলা বাউডেন ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন।
নতুন সরকারের সামনে বড় দায়িত্বগুলোর মধ্যে রয়েছে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন ঘিরে বিপুল বিনিয়োগ ও অবকাঠামো প্রকল্পের তদারকি। একই সঙ্গে কর্মসংস্থান, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক বিষয়গুলোও সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হতে পারে। মরক্কো স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে।
মরক্কোর সংবিধান অনুযায়ী, সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া দলের মধ্য থেকে সরকারপ্রধান নিয়োগ করেন রাজা। ২০১১ সালের সাংবিধানিক সংস্কারের পর এ নিয়ম চালু হয়।
১৯৭৬ সালে মারাকেশে জন্ম নেওয়া ফাতিমা আইন বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি ২০০৯ সালে প্রথমবার মারাকেশের মেয়র নির্বাচিত হন। পরে ২০২১ সালের নির্বাচনের পর আবারও শহরটির মেয়রের দায়িত্ব নেন। পাশাপাশি তিনি একাধিক মেয়াদে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সূত্র: রয়টার্স, আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available