• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৪১:৩৩ (18-Sep-2026)
  • - ৩৩° সে:

জ্বালানি সাশ্রয়ে দোকানপাট বন্ধের সময় বেঁধে দিল পাকিস্তান সরকার

১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৪:৪৮

জ্বালানি সাশ্রয়ে দোকানপাট বন্ধের সময় বেঁধে দিল পাকিস্তান সরকার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয় ও ব্যয় কমাতে পাকিস্তানে দোকান, বাজার ও শপিংমলসহ অধিকাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৯টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সরকারি যানবাহনে জ্বালানি সরবরাহ আগামী তিন মাসের জন্য ৫০ শতাংশ কমানো হয়েছে।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার পাকিস্তানের মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়, সিদ্ধান্তগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, দোকান, বাজার, শপিংমল, হাটবাজার, ডিপার্টমেন্টাল স্টোর, মুদি ও সাধারণ দোকান রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে। বিয়ের হল, মার্কি ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের স্থান রাত ১০টার মধ্যে এবং রেস্তোরাঁ, ক্যাফে ও খাবারের দোকান রাত ১১টার মধ্যে বন্ধ করতে হবে। ফল ও সবজির স্বতন্ত্র দোকানও এই সময়সীমার আওতায় থাকবে।

তবে খাবার প্যাকেট করে নিয়ে যাওয়া এবং বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার সেবার ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা প্রযোজ্য হবে না।

ফার্মেসি, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের দোকান, চিকিৎসা পরীক্ষাগার, ক্লিনিক ও হাসপাতালকে এ নির্দেশনার বাইরে রাখা হয়েছে। একইভাবে স্বতন্ত্র বেকারি ও তন্দুর, দুধ ও দুগ্ধজাত পণ্যের দোকান, পেট্রল ও সিএনজি স্টেশন এবং বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশনও নির্ধারিত সময়ের বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

এ ছাড়া জিম, ক্রীড়া স্থাপনা, প্যাডেল কোর্ট, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ও কল সেন্টারের জন্য কোনো নির্দিষ্ট বন্ধের সময় নির্ধারণ করা হয়নি।

বিয়ের অনুষ্ঠান নিয়েও নির্দেশনা দিয়েছে সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিয়ের যেকোনো অনুষ্ঠান বা আয়োজনে শুধু একটি পদ পরিবেশন করা যাবে।

সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের জন্যও কৃচ্ছ্রসাধনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সরকারি গাড়িতে জ্বালানি সরবরাহ আগামী তিন মাসের জন্য ৫০ শতাংশ কমানো হয়েছে।

তবে সশস্ত্র বাহিনী, বেসামরিক সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও জরুরি সেবায় ব্যবহৃত গাড়ি এ সিদ্ধান্তের বাইরে থাকবে। রাজস্ব বোর্ডের ব্যবহৃত গাড়িও এই ছাড় পাবে। তবে এসব প্রতিষ্ঠানের প্রশাসনিক ও অ-অপারেশনাল কাজে ব্যবহৃত গাড়ি ছাড়ের আওতায় থাকবে না।

উন্নয়ন প্রকল্পের কাজে ব্যবহৃত যানবাহন ও সংশ্লিষ্ট কার্যক্রমও জ্বালানি কমানোর সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও পরিবহনপথ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হরমুজ প্রণালি ও বাব আল-মান্দাব ঘিরে নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহ ও দামের ওপর। এমন পরিস্থিতিতে জ্বালানি ব্যবহারে সাশ্রয় আনতে নতুন এসব পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার।

সূত্র: ডন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিষাক্ত মদ পান করে প্রাণ গেল ৪৮ জনের
বিষাক্ত মদ পান করে প্রাণ গেল ৪৮ জনের
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২২:৩৭




হকিতে বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
হকিতে বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১২:১২



কুড়িগ্রামের ধরলা সেতুতে বাসচাপায় নিহত ২
কুড়িগ্রামের ধরলা সেতুতে বাসচাপায় নিহত ২
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩৪:৪৮