আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের দুই প্রদেশে হুথি গোষ্ঠীর সঙ্গে ইয়েমেনি সেনাবাহিনী ও সৌদি আরবের বিমানবাহিনীর সংঘাতে ২৪ ঘণ্টায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এসব সংঘর্ষে নিহতদের মধ্যে ২৩ জন ইয়েমেনি সেনা এবং ৪০ জন হুথি যোদ্ধা রয়েছেন। উভয় পক্ষের সূত্রের বরাত দিয়ে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
ইয়েমেনি সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, দেশটির দুই দক্ষিণাঞ্চলীয় প্রদেশে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ২৩ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে হুথি সূত্রের দাবি, সৌদি বিমান হামলা ও ইয়েমেনি সেনাদের সঙ্গে সংঘর্ষে ৪০ হুথি যোদ্ধা নিহত হয়েছেন।
আগস্টের শেষ সপ্তাহ থেকে সৌদি আরবের সঙ্গে হুথিদের উত্তেজনা তীব্র হয়েছে। এর মধ্যে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুথিরা। গত ১১ সেপ্টেম্বর রাতে লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবিও করে গোষ্ঠীটি।
গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি আরব। হুথিদের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত সৌদি বিমানবাহিনী ১৩০টির বেশি বিমান হামলা চালিয়েছে।
এর আগে ১৬ সেপ্টেম্বর সৌদি বিমানবাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে হুথি বাহিনী। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে একটি ভূপাতিত যুদ্ধবিমানের পাশে হুথি যোদ্ধাদের দেখা যায়।
হুথিদের বিরুদ্ধে অভিযানে সৌদি আরব যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা চেয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে এ মুহূর্তে সৌদিকে সামরিক সহযোগিতা দেওয়া সম্ভব নয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available