আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে জাহাজটি ওমান উপসাগর থেকে ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছিল। এ কারণে জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
১১ আগস্ট মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতের মধ্যে তুলনামূলক শান্ত পরিস্থিতিতে এ হামলার ঘটনা ঘটল। গত জুলাইয়ে ১৩ দিনের তীব্র উত্তেজনার পর থেকে বড় ধরনের হামলা বন্ধ ছিল। এর আগে জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও পরে তা ভেস্তে যায়।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম তদারককারী ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার পানামার পতাকাবাহী ‘ভেলা নোভা’ কার্গো জাহাজে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
সেন্টকমের বিবৃতি অনুযায়ী, জাহাজটি ওমান উপসাগর অতিক্রম করে ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছিল। একইসঙ্গে ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের চেষ্টা করছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, জাহাজটির ইঞ্জিন কক্ষ লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে জাহাজটি অচল হয়ে পড়ে। সেন্টকমের দাবি, জাহাজটির নাবিকেরা মার্কিন বাহিনীর দেওয়া একাধিক সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন।
হামলায় কোনো নাবিক আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
সেন্টকম আরও জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ চলাকালে মার্কিন বাহিনী এখন পর্যন্ত ৫৫টি বাণিজ্যিক জাহাজ অচল করেছে এবং দুটি জাহাজ জব্দ করেছে।
এদিকে সংঘাত পুনরায় তীব্র হওয়ায় যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আবারও কার্যকর করেছে বলে জানিয়েছে সেন্টকম। একই সময়ে হরমুজ প্রণালিতে ইরানও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে দাবি করা হচ্ছে।
জুনের সমঝোতা স্মারকের আওতায় এই দুটি পদক্ষেপই প্রত্যাহার করা হয়েছিল। ওই সমঝোতার লক্ষ্য ছিল দীর্ঘস্থায়ী শান্তির জন্য নতুন করে আলোচনা শুরু করা এবং ইরান ও দেশটির পারমাণবিক কর্মসূচির ওপর আরোপিত নিষেধাজ্ঞার ভবিষ্যৎ নিয়ে সমঝোতায় পৌঁছানো।
অন্যদিকে, অঞ্চলের আরেক গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ বাব এল-মান্দেব প্রণালিতে ইয়েমেনের হুথিদের জাহাজে হামলার ঘটনাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available