আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-পশ্চিম রাশিয়ার আরখানগেলস্ক অঞ্চলের প্লেসেৎস্ক কসমোড্রোম থেকে একটি ভ্রাম্যমাণ সলিড-ফুয়েল চালিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে রুশ সামরিক বাহিনী। ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬ হাজার ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দেশটির পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের কুরা পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
২৮ আগস্ট শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সের একটি মোবাইল লঞ্চার ইউনিটকে দুর্গম এলাকায় নিয়ে গিয়ে সেখান থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।
মন্ত্রণালয় প্রকাশিত ভিডিওতে বনাঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য দেখা গেছে। রুশ সামরিক বাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটির কৌশলগত, কারিগরি ও উড্ডয়ন সক্ষমতা যাচাই করাই ছিল পরীক্ষার উদ্দেশ্য।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরীক্ষার নির্ধারিত সব লক্ষ্য অর্জিত হয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত গতিপথ অনুসরণ করে সফলভাবে কুরা পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছে।
তবে পরীক্ষায় ঠিক কোন মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তা প্রকাশ করেনি মস্কো। এর আগে গত মে মাসের মাঝামাঝি সামরিক মহড়ার অংশ হিসেবে প্লেসেৎস্ক থেকে কুরা পরীক্ষাকেন্দ্র পর্যন্ত আরএস-২৪ ইয়ার্স আইসিবিএমের একটি পরীক্ষা চালানো হয়েছিল বলে জানা যায়।
রাশিয়ার সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এমন সময়ে হলো, যখন এক সপ্তাহেরও কম সময় আগে ইউক্রেনীয় ড্রোন প্লেসেৎস্ক কসমোড্রোমে হামলা চালিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল। তবে ওই হামলার খবর স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
সূত্র: রয়টার্স, তাস
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available