• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:৫১:৫৯ (21-Aug-2026)
  • - ৩৩° সে:

সৌদি বিমানবন্দর ও আরামকোর স্থাপনায় হুথিদের হামলা

২১ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪৬:৫৬

সৌদি বিমানবন্দর ও আরামকোর স্থাপনায় হুথিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান বিমানবন্দর এবং রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর একটি স্থাপনায় হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি।

২০ আগস্ট বৃহস্পতিবার ইয়েমেন সীমান্তের কাছে সৌদি আরবের ওই দুটি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করে হুথিরা।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদি আরবের দুটি ‘সংবেদনশীল লক্ষ্যবস্তুতে’ হামলা চালানো হয়েছে। এর মধ্যে প্রথম হামলাটি নাজরান বিমানবন্দরে এবং দ্বিতীয়টি নাজরানের আরামকোর একটি স্থাপনায় চালানো হয়।

এর আগে বৃহস্পতিবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সতর্ক করে বলেছিল, সৌদি আরবে হুথিদের হামলা জোরদার হওয়ায় তাদের দমনে সৌদি আরব ব্যর্থ হবে।

এদিকে, এক দশকের বেশি সময় ধরে গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেনে গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরু হয়। ওই সময় হুথিরা সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের সঙ্গে ২০২২ সালের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বলে অভিযোগ ওঠে।

চলতি সপ্তাহে ইয়েমেনের এক মন্ত্রী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, হুথিরা বাব আল-মান্দেব প্রণালির আশপাশের ভূখণ্ড দখলের পরিকল্পনা করছে। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথে নতুন করে নিরাপত্তা হুমকি তৈরি হতে পারে।

বাব আল-মান্দেবের কাছে হুথিদের বিরুদ্ধে লড়াইরত ইয়েমেনের সরকারি বাহিনীর এক মুখপাত্র এবং হুথিদের একাধিক সামরিক সূত্রও এএফপিকে জানিয়েছে, বিদ্রোহীরা বর্তমানে নিয়ন্ত্রণে থাকা এলাকা থেকে আরও দক্ষিণে অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে।

গত মাসে ইয়েমেনের রাজধানী সানায় একটি ইরানি বিমানকে স্বাগত জানায় হুথিরা। এ ঘটনাকে কেন্দ্র করে সরকারি বাহিনীর সঙ্গে গোষ্ঠীটির নতুন করে সংঘাত শুরু হয়। পরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়ে দেশটির জাহাজ, বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় হামলা চালানোর হুমকি দেয় হুথিরা।

তবে নাজরান বিমানবন্দর ও আরামকোর স্থাপনায় হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র: এএফপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নেতানিয়াহুর ফাঁদে পা দেবে না তুরস্ক
নেতানিয়াহুর ফাঁদে পা দেবে না তুরস্ক
২১ আগস্ট ২০২৬ সকাল ০৯:৩৪:১০