আন্তর্জাতিক ডেস্ক: চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলে টানা ভারী বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
কয়েক দিনের টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় বন্যা, ভূমিধস এবং ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতির কারণে বহু এলাকায় স্কুল-কলেজ ও কর্মস্থল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, মধ্যাঞ্চলের হুনান প্রদেশে পাঁচজন নিহত এবং ১১ জন নিখোঁজ রয়েছেন। সেখানে টানা বর্ষণে অন্তত ৬১ হাজার ৫০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
দক্ষিণাঞ্চলের গুয়াংসি অঞ্চলে নদীর পানি বেড়ে যাওয়ায় একটি ট্রাক নদীতে পড়ে গেলে ১০ জনের মৃত্যু হয়। ঘটনাটি শনিবার ঘটলেও মঙ্গলবার তা নিশ্চিত করা হয়।
এ ছাড়া গুইঝৌ প্রদেশে ভারী বৃষ্টিতে চারজন নিহত ও পাঁচজন নিখোঁজ রয়েছেন। হুবেই প্রদেশেও তিনজন নিহত এবং চারজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে কয়েকটি স্থাপনা ধসে পড়েছে এবং একাধিক গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য চীনা সরকার জরুরি ত্রাণ সহায়তা হিসেবে ১২ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে। পাশাপাশি গুইঝৌ প্রদেশে অতিরিক্ত ৩ কোটি ইউয়ান সহায়তা ঘোষণা করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, হুনান, গুইঝৌ ও হুবেই প্রদেশ থেকে প্রায় ২৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহারজনিত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে পৃথিবীতে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘনঘন ও তীব্র হয়ে উঠছে।
সূত্র: সিনহুয়া
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available