আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে টানা দুই সপ্তাহ বিমান হামলা চালানোর পর গত দুই দিন ধরে নতুন কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। ইরানের সম্ভাব্য পাল্টা হামলা মোকাবিলায় ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইলের মজুত কমে যাওয়ার আশঙ্কায় ওয়াশিংটন আপাতত বড় ধরনের হামলা থেকে বিরত রয়েছে বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
২৬ জুলাই রোববার প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে ইন্টারসেপ্টর মিসাইলের মজুত নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকের পর ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে প্রশাসন।
এর আগে গত শুক্রবার ট্রাম্প ইরানের বিরুদ্ধে বিমান হামলা আরও জোরদারের কথা বলেছিলেন। তবে পরবর্তীতে সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শের ভিত্তিতে সেই অবস্থান পরিবর্তন করা হয়।
বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বৈঠকে সতর্ক করে বলেন, বড় ধরনের হামলা চালানো সম্ভব হলেও এতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর প্রতিরক্ষায় প্রয়োজনীয় ইন্টারসেপ্টর মিসাইলের মজুত দ্রুত ফুরিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
ট্রাম্প প্রশাসনের আরেক কর্মকর্তা জানান, ব্যাপক হামলার মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার কৌশল নিয়েও প্রশাসনের ভেতরে সংশয় তৈরি হয়েছে। তাদের মূল্যায়নে, সাম্প্রতিক হামলাগুলো ইরানের ওপর প্রত্যাশিত চাপ সৃষ্টি করার বদলে দেশটির জনগণকে বহিরাগত হুমকির মুখে আরও ঐক্যবদ্ধ করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত শুক্রবার ও শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে কোনো নতুন হামলা চালায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available